Nabanna

পুজোর আগেই সুখবর! ১৫ অক্টোবর বেতন, পেনশন, মিলবে বর্ধিত ডিএ

শুধু বেতন নয়, এ বার আগেভাগেই পেনশন এবং বর্ধিত ডিএ-ও মিলবে। বুধবার অর্থ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৫ অক্টোবর বেতন, পেনশন এবং বর্ধিত ডিএ মিটিয়ে দেওয়া হবে।

নবান্ন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৫৬

মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে না। পুজোর আগেই সরকারি কর্মীরা অক্টোবরের বেতন পাবেন। শুধু বেতন নয়, এ বার আগেভাগেই পেনশন এবং বর্ধিত ডিএ-ও মিলবে। বুধবার অর্থ দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ১৫ অক্টোবর বেতন, পেনশন এবং বর্ধিত ডিএ মিটিয়ে দেওয়া হবে।

সাধারণত প্রতি মাসের শেষ দিকে সরকারি কর্মীদের বেতন ও পেনশন দেওয়া হয়। তবে এ বার অক্টোবরের তৃতীয় সপ্তাহেই দুর্গাপুজো হওয়ায় আগেই বেতন-পেনশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, অক্টোবরের বেতন, অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন, মজুরি, পারিশ্রমিক, স্টাইপেন্ড ও সাম্মানিকের সঙ্গে বর্ধিত ডিএ দেওয়া হবে ১৫ অক্টোবর। একই দিনে অক্টোবরের পেনশন ও পারিবারিক পেনশনও মিটিয়ে দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, অর্থ দফতরের গত ৪ অগস্টের নির্দেশ অনুযায়ী যেখানে প্রযোজ্য, সেখানে বর্ধিত ডিএ এবং ডিয়ারনেস রিলিফ (ডিআর)-সহ টাকা মেটানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থপ্রদানের জন্য বিল ও প্রয়োজনীয় পরামর্শপত্র আগাম ট্রেজারিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ডিডিও এবং ডিপোজিট অ্যাকাউন্টের প্রশাসকদেরও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। অর্থ দফতরের নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ অক্টোবরের মধ্যেই বেতন ও পেনশন সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রস্তুতি নিতে হবে। ফলে পুজোর মরসুমেই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের হাতে অক্টোবরের বেতন, পেনশন এবং প্রযোজ্য ক্ষেত্রে বর্ধিত ডিএ পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।

মে মাসে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু রাজ্য সরকারি কর্মচারীদের ২০ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী, অক্টোবর মাসের বেতনের সঙ্গে ওই ২০ শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কর্মচারী আন্দোলনের প্রবীণ নেতা তথা ন্যাশনালিস্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মনোজ চক্রবর্তী।

তবে ডিএ নিয়ে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানালেও শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের মধ্যে অন্য প্রশ্ন উঠছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের অভিযোগ, সরকারি কর্মচারী, কলেজ-বিশ্ববিদ্যালয়ের কর্মচারী-অধ্যাপক এবং পঞ্চায়েত দফতরের কর্মীরা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা পেলেও রাজ্যের শিক্ষক-শিক্ষাকর্মীদের এখনও তার আওতায় আনা হয়নি। 


Share