Bolla Mela

বোল্লা মেলা ও ৫১২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা রুখতে উদ্যোগ, চালু হল নতুন ট্র্যাফিক গার্ড অফিস

বোল্লায় জাতীয় সড়কের পাশে তৈরি করা হল নতুন ট্র্যাফিক গার্ড অফিস। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই অফিসের উদ্বোধন করেন মন্ত্রী সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদার।
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০৯:২৭

বোল্লা মেলা ও ৫১২ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ এবং পথ দুর্ঘটনা কমাতে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। বোল্লায় জাতীয় সড়কের পাশে তৈরি করা হল নতুন ট্র্যাফিক গার্ড অফিস। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই অফিসের উদ্বোধন করেন মন্ত্রী সুকান্ত মজুমদার। জেলা পুলিশের আশা, নতুন অফিস চালু হওয়ায় মেলা চলাকালীন যান নিয়ন্ত্রণের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার হবে।

বোল্লা মেলাকে কেন্দ্র করে প্রতি বছর কয়েক লক্ষ পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়। ফলে মেলা চলাকালীন ৫১২ নম্বর জাতীয় সড়কে যানবাহনের চাপ অনেকটাই বেড়ে যায়। তৈরি হয় যানজটের আশঙ্কা। পাশাপাশি পথ দুর্ঘটনা রুখে সাধারণ যাত্রী ও পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাও পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে নতুন ট্র্যাফিক গার্ড অফিস থেকে এলাকায় যান নিয়ন্ত্রণ, নজরদারি ও নিরাপত্তা সংক্রান্ত কাজ আরও ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছে জেলা পুলিশ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ রায়, ডিএসপি হেডকোয়ার্টার্স অঙ্কুর সিংহ রায়, কুমারগঞ্জ থানার আইসি আশিস কুণ্ডু, পতিরাম থানার ওসি প্রীতম কুমার সিং-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

অনুষ্ঠানে মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, গত বছর দক্ষিণ দিনাজপুর জেলায় পথ দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা কমাতে সরকার ও পুলিশ প্রশাসন লাগাতার কাজ করছে। এদিন উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে একাধিক সামাজিক কর্মসূচিরও আয়োজন করা হয়। মন্ত্রী ও বিধায়ক দুঃস্থদের হাতে বস্ত্র তুলে দেন। পাশাপাশি নবনিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের নিজের হাতে লাড্ডু খাইয়ে উৎসাহিত করেন মন্ত্রী। গোটা কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন করেন জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তা।


Share