Stone Syndicate

তদন্তে সহযোগিতা করছেন না পাথর মাফিয়া টুলু মন্ডল, আবার তলব করার পরিকল্পনা সিআইডির

পালাবদল এবং টুলু দেশে ফিরতেই সেই মামলার তদন্ত নিয়ে তৎপর হয়েছে সিআইডি। কেন তাঁকে এই মামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হবে না তা জানতে ভবানী ভবনের তলব করা হয়েছিল। শুক্রবার টুলুকে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডির গোয়েন্দারা।

পাথর মাফিয়া টুলু মন্ডল।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ১১:১৬

তদন্তে একেবারেই সহযোগিতা করছেন না বীরভূমের পাথর মাফিয়া টুলু মন্ডল ওরফে নাজিমুদ্দিন। এই বিষয়ে সিআইডির ডিজি নটরাজন রমেশবাবুকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে বলেন, ‘না’। শুক্রবার পুরোনো একটি মামলার প্রেক্ষিতে বীরভূমের পাথর মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সেই মামলার তদন্তে টুলু একেবারেই সহযোগিতা করেছেন না বলে সিআইডির একটি সূত্র দাবি করেছে।

গত বছরে নভেম্বর মাসে আকাঙ্খা মোড়ের কাছে বারেমাথায় একটি স্করপিও গাড়ি থেকে পাঁচ কোটি টাকা পুলিশ উদ্ধার করে। সেই ঘটনায় পুলিশ আক্রম খান এবং ইমরান খানকে গ্রেফতার করেছিল। সেই টাকা যে টুলু মন্ডলের ছিল বলে ধৃতেরা জানিয়েছিল। নরেন্দ্রপুর থানার পুলিশ মামলা দায়ের করে। কলকাতায় টুলুর আবাসনে সেই টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা পুলিশ জানতে পারে। পালাবদলের পরে সেই টাকা উদ্ধারের ঘটনার তদন্তভার নেয় সিআইডি। 

তৃণমূল জমানায় টুলুকে কেউ ছুঁতেই পারেনি। পালাবদলের পরে বীরভূমের পাথর সিন্ডিকেট কার্যত গুটিয়ে দিয়েছে রাজ‍্য সরকার। দেশ ছেড়ে পালায় বীরভূমের পাথর মাফিয়া টুলু। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি চলতি সপ্তাহের মঙ্গলবার তিনি দেশে ফেরেন। তবে সল্টলেকে সেই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার মামলার কোনও অগ্রগতি হয়নি। 

পালাবদল এবং টুলু দেশে ফিরতেই সেই মামলার তদন্ত নিয়ে তৎপর হয়েছে সিআইডি। কেন তাঁকে এই মামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হবে না তা জানতে ভবানী ভবনের তলব করা হয়েছিল। শুক্রবার টুলুকে প্রায় তিন ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে সিআইডির গোয়েন্দারা। তার পরে তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে যান। 

পুলিশ সূত্রের বক্তব্য, টুলু তদন্তকারীদের মুখোমুখি হয়েছেন ঠিকই কিন্তু তিনি তদন্তে একেবারেই সহযোগিতা করছেন না। তাঁকে যা জিজ্ঞাসা করা হচ্ছে বেশিরভাগ উত্তরই তিনি এড়িয়ে গিয়েছেন। আবার কখনও টুলু নিজেই বলছেন, “আমি খবর নিচ্ছি।” অন‍্য দিকে, টাকা উদ্ধারের ঘটনায় তদন্তকারীদের যে যে প্রশ্নের জবাব তিনি দিয়েছেন তা-ও ‘বিভ্রান্তিকর’ বলে পুলিশ মনে করছে। যাতে তদন্তকারীরা একেবারেই সন্তুষ্ট নন বলেই সিআইডির ওই সূত্র দাবি করেছে।

আগামী ডিসেম্বর পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও মামলাতেই কঠোর পদক্ষেপ পুলিশ করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সেই রক্ষাকবচের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তিনি যাতে গ্রেফতার না হন তার জন‍্য টুলু কলকাতা হাই কোর্টে আবেদনও করেছেন। যদিও সেই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। প্রসঙ্গত, মিনার মন্ডলের বাড়িতে টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় শনিবার বীরভূমের পাথর মাফিয়া টুলু মন্ডলকে মহম্মদবাজার থানা তলব করেছে। তবে মহম্মদবাজার থানায় জেরা করার জন‍্য নির্দিষ্ট ঘর না থাকায় তাঁকে সিউড়ি থানাতে ডাকা হয়। এ দিন তিনি সেখানে গিয়েছিলেন। 


Share