Calcutta High Court

শোভনদেব না ঋতব্রত, বিরোধী দলনেতার পদে শেষ পর্যন্ত কে? শুনানি শেষ, রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

শনিবার এই মামলার শুনানি শেষ হয়েছে। বিচারপতি কৃষ্ণ রাও রায়দান স্থগিত রেখেছেন। ফলে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় না কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শেষ পর্যন্ত কার নামেই সিলমোহর পড়বে, তা নিয়ে জল্পনা অব্যাহত।

কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৬ ১০:১৮

রাজ্যের বিরোধী দলনেতার পদ নিয়ে আইনি লড়াইয়ে আপাতত কোনও সিদ্ধান্ত জানাল না কলকাতা হাই কোর্ট। শনিবার এই মামলার শুনানি শেষ হয়েছে। বিচারপতি কৃষ্ণ রাও রায়দান স্থগিত রেখেছেন। ফলে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় না কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শেষ পর্যন্ত কার নামেই সিলমোহর পড়বে, তা নিয়ে জল্পনা অব্যাহত।

বিধানসভা নির্বাচনে তৃণমূল ৮০টি আসনে জয় পাওয়ায় রাজ্যের প্রধান বিরোধী দলের মর্যাদা তাদেরই প্রাপ্য বলে দাবি। সেই অনুযায়ী, দলের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেন। এ কথা জানিয়ে তৃণমূল গত ৯ মে স্পিকারকে চিঠি দেয়। কিন্তু অভিযোগ, সেই চিঠির ভিত্তিতে কোনও পদক্ষেপ করেননি স্পিকার। পরবর্তী সময়ে ওই চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে।

এর মধ্যে দলবিরোধী কাজের অভিযোগে ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল। এর দু’দিন পর, ৩ জুন, দলের বিক্ষুব্ধ বিধায়কেরা বহিষ্কৃত ঋতব্রতকেই বিরোধী দলনেতা হিসেবে বেছে নিয়ে স্পিকারকে চিঠি দেন। সেই চিঠির ভিত্তিতেই ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন স্পিকার। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শোভনদেব।

গত ১৬ নভেম্বর মামলার শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সংবিধান এবং নেতা নির্বাচনের বৈঠকের রেজ়োলিউশন চাওয়া হয়েছিল কি না, তা জানতে চান তিনি। বিচারপতির প্রশ্ন ছিল, ৭৮ জন বিধায়কের দাবিকে উপেক্ষা করে কেন ৫৪ বা ৫৬ জনের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হল? বিরোধী পক্ষের বক্তব্য শোনার প্রয়োজন ছিল না কেন? রাজনৈতিক দলের সংবিধান ও সিদ্ধান্ত কি এ ভাবে এড়িয়ে যেতে পারেন স্পিকার?

ওই দিন রাজ্যের আইনজীবী সূর্যনীল দাস স্পিকারের সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করতে গেলে বিচারপতি প্রশ্ন করেন, “এখন কি আপনারা ঘাটতি পূরণের উপায় খুঁজছেন?” পরে স্পিকারের হয়ে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য ঘটনার ধারাবাহিকতা তুলে ধরেন।

রাজ্যের তরফে জানানো হয়, ১৫ মে স্পিকার দায়িত্ব গ্রহণ করেন। তার আগে স্পিকার নিযুক্ত না হওয়ায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না। স্পিকারকে এড়িয়ে বিরোধী দলনেতা নির্বাচন করা যায় না বলেও দাবি করা হয়। পাশাপাশি জানানো হয়, ১৯ থেকে ২৪ মে কলকাতার বাইরে ছিলেন স্পিকার। ১৯ মে তৃণমূলের তরফে ৬ মে তারিখে স্বাক্ষরিত একটি রেজ়োলিউশন পাঠানো হয়েছিল। পরে বিরোধীপক্ষের অভিযোগ পাওয়ার পর এফআইআর দায়ের হয়।

তবে রাজ্যের এই যুক্তিতে সন্তুষ্ট হননি বিচারপতি। শনিবার দু’পক্ষের সওয়াল-জবাব শেষে মামলার শুনানি শেষ হয়। আপাতত রায়দান স্থগিত রেখেছে আদালত। এখন বিচারপতি কৃষ্ণ রাওয়ের রায়ের দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।


Share