Road Accident

রাস্তায় ছড়ানো বালির জেরে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু যুবকের, প্রতিবাদে পথ অবরোধ বীরভূমে

অভিযোগ, রাস্তায় ছড়িয়ে থাকা বালির উপর দিয়ে যেতে গিয়ে বাইকের চাকা স্লিপ করায় তিনি পড়ে যান। তাতেই ডাম্পারের তলায় চাপা পড়েন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদাতা, বোলপুর
  • শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ০৩:৩০

বীরভূম বোলপুর–মকরমপুর রাস্তায় পথদুর্ঘটনা। ঘটনায় মৃত্যু হল এক যুবকের। বুধবার রাতে উত্তরনারায়ণপুর এলাকার কাছে ঘটনাটি ঘটেছে। একটি ডাম্পারের ধাক্কায় প্রাণ হারান বিজয় মাড্ডি (২৯) নামে এক যুবক। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। 

দুর্ঘটনার প্রতিবাদে কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজয়ের বাড়ি বাগানপাড়া এলাকায়। বুধবার রাতে তিনি মোটরসাইকেলে করে বনডাঙায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন। অভিযোগ, নির্মীয়মাণ রাস্তার ধারে ফেলে রাখা বালির স্তূপের কিছু অংশ রাস্তায় ছড়িয়ে ছিল। সেই বালির ওপর দিয়ে যাওয়ার সময় হঠাৎই তাঁর বাইকের চাকা স্লিপ করে যায়। ফলে তিনি রাস্তার উপর পড়ে যান। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার তাঁর উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই যুবকের মৃত্যু হয়।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে বালি ফেলা বন্ধ করা, স্পিড ব্রেকার বসানো-সহ একাধিক দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। এর ফলে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। পুলিশের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।


Share