Murder Case

পুরুলিয়ায় এক ফেরিওয়ালার রহস্যমৃত্যু, খুনের অভিযোগে গ্রেফতার একজন

জিনিসপত্র কেনাবেচা সংক্রান্ত বিবাদের জেরেই ওই ফেরিওয়ালাকে মারধর করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া
  • শেষ আপডেট: ১০ জুন ২০২৬ ১২:১১

এক ফেরিওয়ালার দেহ উদ্ধারের ঘটনায় পুরুলিয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুরুলিয়ার বান্দোয়ান থানার সাগা সুপুরী গ্রামে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম আকবর মণ্ডল। মঙ্গলবার স্থানীয় বাসিন্দা বিশ্বনাথ মাহাতোর বাড়ি থেকে পুলিশ তাঁর দেহ উদ্ধার করে। ঘটনায় বিশ্বনাথ মাহাতোকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আকবরের বাড়ি বাঁকুড়ার পুনিশোল গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে বান্দোয়ান এলাকায় থেকে বাড়ি বাড়ি ঘুরে বাসন বিক্রির কাজ করতেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোই তিনি ফেরি করতে বেরিয়েছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও বিষয়কে কেন্দ্র করে আকবর ও বিশ্বনাথের মধ্যে বচসা বাধে। সেই বচসার জেরেই আকবরকে লাঠি দিয়ে মারধর করা হয় বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও মৃত্যুর সঠিক কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

নিহতের ছেলের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃত বিশ্বনাথ মাহাতোকে বুধবার পুরুলিয়া আদালতে তোলা হবে। খুনের নেপথ্যে শুধুই বচসা, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জেলার এক পুলিশ আধিকারিক জানান, জিনিসপত্র কেনাবেচা সংক্রান্ত বিবাদের জেরেই ওই ফেরিওয়ালাকে মারধর করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


Share