Child Recovery

জঙ্গলে কান্নার শব্দে উদ্ধার সদ্যোজাত কন্যা, নাম পেল ‘বনশ্রী’

জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা জানান, ২০ জানুয়ারি চিকিৎসকেরা শিশুটিকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে দত্তকযোগ্য হওয়ার সার্টিফিকেট দেন। আপাতত সে হোমে রয়েছে এবং ভালো আছে। শিশুটির বাবা-মাকে খুঁজে পেতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আগামী ২১ দিনের মধ্যে কেউ যোগাযোগ না করলে দত্তক প্রক্রিয়া শুরু হবে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, সিউড়ি
  • শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১০:৩৮

রান্নার জন্য জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে এক শিশুর কান্নার শব্দ শুনতে পান কয়েকজন গ্রামবাসী। শব্দের আওয়াজে খুঁজতে গিয়ে তাঁরা চাদরে মোড়া এক সদ্যোজাত কন্যাশিশুকে দেখতে পান। ঘটনাটি ঘটে ১৭ জানুয়ারি বীরভূমের সিউড়ি এলাকার তসর কাঁটা জঙ্গলে। সে সময় জঙ্গলে পিকনিক করছিলেন কয়েকজন যুবক। তাঁদের সহায়তায় কাঠ কুড়োতে আসা গ্রামবাসীরা শিশুটিকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।

কয়েক দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শিশুটি সুস্থ হয়ে ওঠে এবং পরে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। সোমবার প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বর্তমানে শিশুটি হোমে রয়েছে। জঙ্গল থেকে উদ্ধার হওয়ার কারণেই তার নাম রাখা হয়েছে ‘বনশ্রী’।

জেলা শিশু সুরক্ষা আধিকারিক নিরুপম সিনহা জানান, ২০ জানুয়ারি চিকিৎসকেরা শিশুটিকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করে দত্তকযোগ্য হওয়ার সার্টিফিকেট দেন। আপাতত সে হোমে রয়েছে এবং ভালো আছে। শিশুটির বাবা-মাকে খুঁজে পেতে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আগামী ২১ দিনের মধ্যে কেউ যোগাযোগ না করলে দত্তক প্রক্রিয়া শুরু হবে।

শিশুটিকে উদ্ধারকারী দলের অন্যতম সদস্য শান্তনু দত্ত বলেন,  ‘বনশ্রী নামটি খুব সুন্দর। একটি চাদরে মুড়ে ওকে ফেলে যাওয়া হয়। ও সুস্থ থাকুক, এটাই চাই।’

Share