Donald Trump

ভারত-সহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্কের কোপ! শুক্রবার থেকেই কার্যকর ‘বলপূর্বক শ্রম’ ট্যারিফ, বিশ্ব বাণিজ্যে ফের চাপ

নতুন ব্যবস্থায় আমেরিকায় পণ্য রফতানির ক্ষেত্রে বিভিন্ন দেশকে ১০ শতাংশ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে। এই তালিকায় ভারতের নামও রয়েছে।

আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ১১:১৯

ভারত-সহ বিশ্বের ৬০টি দেশের উপর নতুন আমদানি শুল্ক আরোপের ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফেডেরাল রেজিস্টারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ঘোষণা অনুযায়ী, শুক্রবার থেকেই নতুন শুল্ক কাঠামো কার্যকর হবে। নতুন ব্যবস্থায় আমেরিকায় পণ্য রফতানির ক্ষেত্রে বিভিন্ন দেশকে ১০ শতাংশ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে। এই তালিকায় ভারতের নামও রয়েছে।

কেন নতুন করে শুল্কের বোঝা চাপানো হচ্ছে? ট্রাম্প প্রশাসনের দাবি, এটি ‘বলপূর্বক শ্রম’ রুখতেই নেওয়া পদক্ষেপ। অর্থাৎ, জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্যের বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপ করবে আমেরিকা। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেছেন, ‘‘জোর করে আদায় করা শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য আমেরিকায় আমদানি করা হয় না। প্রায় এক শতাব্দী ধরে তার উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং কঠোর ভাবে তা কার্যকর করা হচ্ছে।’’ ওয়াশিংটনের অভিযোগ, যেসব দেশের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, তাদের অনেকেই বলপূর্বক শ্রম নিষিদ্ধ করার নিয়ম যথাযথভাবে কার্যকর করতে ব্যর্থ হয়েছে। গ্রিয়ারের বক্তব্য, ‘‘আমাদের বাণিজ্যিক অংশীদারদের এই পদক্ষেপ করার সুযোগ ছিল। কিন্তু সময় পেরিয়ে গিয়েছে। আমাদের আজকের এই পদক্ষেপ এমন একটি পরিস্থিতিকে সংশোধন করবে, যা মানবাধিকার লঙ্ঘন করে এবং বাণিজ্যে ব্যাঘাত ঘটায়। বিশ্বের সর্বত্র শ্রমিকদের কল্যাণে আমরা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে।’’

আমেরিকার প্রশাসনের নতুন শুল্কনীতির আওতায় ১০ শতাংশ আমদানি শুল্কের মুখে পড়ছে ভারত-সহ একাধিক দেশ। এই তালিকায় রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আর্জেন্টিনা, ব্রিটেন, কম্বোডিয়া, কানাডা, ইকুয়েডর, গুয়াতেমালা, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, জর্ডন, মালয়েশিয়া, মেক্সিকো এবং ত্রিনিদাদ ও টোবাগো।

অন্য দিকে, জাপান, দক্ষিণ কোরিয়া, সুইৎজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির ক্ষেত্রে আগে থেকেই ‘সর্বাধিক সুবিধাপ্রাপ্ত রাষ্ট্র’ শুল্ক কার্যকর রয়েছে। নতুন শুল্ক যোগ হওয়ায় এই দেশগুলির মোট শুল্কহার বেড়ে ১০ থেকে ১২.৫ শতাংশ হবে। পাশাপাশি, আরও ৩৮টি দেশের উপর ১২.৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে, যার মধ্যে চিনও রয়েছে।

উল্লেখ্য, গত বছর ভারত-সহ একাধিক দেশের আমদানির উপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে আমেরিকার সুপ্রিম কোর্ট সেই শুল্ক কার্যকর রাখার সিদ্ধান্ত খারিজ করে দেয়। এরপর ট্রাম্প ১৫০ দিনের জন্য অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ১০ শতাংশ হারে শুল্ক আরোপের ঘোষণা করেছিলেন, যার মেয়াদ শুক্রবার শেষ হচ্ছে। সেই কারণেই শুক্রবার থেকেই কার্যকর হতে চলেছে নতুন ‘বলপূর্বক শ্রম’ শুল্ক। আমেরিকার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় এই শুল্ক আরোপ করা হচ্ছে। তবে তেল, গ্যাস, সার এবং কয়েকটি খাদ্যপণ্য-সহ কিছু নির্দিষ্ট পণ্যকে এই শুল্কের আওতার বাইরে রাখা হয়েছে।


Share