WhatsApp

হঠাৎ অচল হাজার হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট! ‘রিভিউ’-এর নামে ২৪ ঘণ্টার ব্লক, ভারত-সহ বিশ্বের বহু ব্যবহারকারী ভোগান্তিতে

সোমবার রাত থেকেই এই সমস্যার কথা সামনে আসতে শুরু করে। বহু ব্যবহারকারী জানান, তাঁদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে একটি বার্তা ভেসে উঠেছে, যেখানে লেখা রয়েছে যে অ্যাকাউন্টটি পর্যালোচনার আওতায় রয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ আগস্ট ২০২৬ ০১:১১

হঠাৎ করেই বহু ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে দেখা দিয়েছে সমস্যা। অভিযোগ, ‘রিভিউ’-এর কারণ দেখিয়ে ২৪ ঘণ্টার জন্য সাময়িকভাবে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। এর ফলে ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের বহু ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না। তবে এই বিষয়ে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি, প্ল্যাটফর্মের অপব্যবহার রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতেই কিছু অ্যাকাউন্ট নিয়মিত পর্যালোচনার আওতায় আনা হচ্ছে।

সোমবার রাত থেকেই এই সমস্যার কথা সামনে আসতে শুরু করে। বহু ব্যবহারকারী জানান, তাঁদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে একটি বার্তা ভেসে উঠেছে, যেখানে লেখা রয়েছে যে অ্যাকাউন্টটি পর্যালোচনার আওতায় রয়েছে। বার্তার সঙ্গে একটি তারিখও উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, “আপনার এই অ্যাকাউন্টটি আমাদের পরিষেবার শর্তাবলি মেনে চলছে কি না, তা নিশ্চিত করতে আপনার অ্যাকাউন্টের কার্যকলাপ এবং ডিভাইসের তথ্য যাচাই করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে আমরা (এই পর্যালোচনার) ফল আপনাকে জানিয়ে দেব।”

কোনও আগাম সতর্কবার্তা বা নোটিশ ছাড়াই হঠাৎ ২৪ ঘণ্টার জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় বহু ব্যবহারকারীরা ভোগান্তিতে পড়েছেন। অভিযোগ, এই সময়ে তাঁরা অ্যাপের কোনও পরিষেবাই ব্যবহার করতে পারছেন না। বিষয়টি ঘিরে সমাজমাধ্যমেও শুরু হয়েছে জোর আলোচনা। এক ব্যবহারকারী লিখেছেন, “কোনও কারণ না জানিয়েই আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ‘ডিসেবল’ করে দেওয়া হয়েছে।” তাঁর দাবি, স্ক্রিনে দেখানো রিভিউ পেজে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁর অ্যাকাউন্টটি পর্যালোচনা করা হবে।

আর এক ব্যবহারকারী সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “কোনও আগাম সতর্কতা বা কারণ না জানিয়েই হঠাৎ আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। আমার প্রায় সমস্ত কাজই হোয়াটসঅ্যাপের উপর নির্ভরশীল। দয়া করে কেউ সাহায্য করুন।” আগাম কোনও নোটিফিকেশন ছাড়াই কেন ২৪ ঘণ্টার জন্য অ্যাকাউন্ট অচল করে দেওয়া হল, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন।

এ দিকে, যাঁদের অ্যাকাউন্টে এই সমস্যা দেখা দিয়েছে, তাঁদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে একটি বার্তার সঙ্গে কয়েকটি বিকল্পও দেখানো হচ্ছে। সেখানে দায়িত্বশীলভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহারের নির্দেশিকা এবং মোবাইল বা অ্যাকাউন্ট চুরি সংক্রান্ত সহায়তার মতো অপশন থাকলেও, এর বাইরে অ্যাপের অন্য কোনও ফিচার ব্যবহার করা যাচ্ছে না বলেও একাধিক ব্যবহারকারী অভিযোগ করেছেন।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যাখ্যা দিয়েছেন হোয়াটস‌্‌অ্যাপ কর্তৃপক্ষও। কেন এই ‘সমস্যা’ হচ্ছে, তা-ও স্পষ্ট করেছেন তাঁরা। সংস্থার এক মুখপাত্রের কথায়, “পরিষেবার অপব্যবহার রুখতে আমরা সব সময় সতর্ক থাকি। অন্য ব্যবহারকারীদের সুরক্ষিত রাখতে ওই অ্যাকাউন্টগুলিকে আমরা ‘ব্যান’ করে দিই। কখনও কখনও আমাদের সিদ্ধান্ত গ্রহণে ভুল হতে পারে। তেমন কিছু ঘটলে আমরা দ্রুত তা সংশোধন করে নিই, যাতে সংশ্লিষ্ট ব্যবহারকারী আবার চ্যাট শুরু করতে পারেন।”


Share