Ukraine War

একের পর এক ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, কৃষ্ণসাগরে প্রাণ হারিয়েছেন ভারতীয়রাও, নাবিকদের জন্য বড় সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের

মন্ত্রকের পরামর্শ, ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনও ধরনের আশঙ্কা বা ঝুঁকি থাকলে, সেই জলপথ ব্যবহার করার আগে পরিস্থিতি ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ইউক্রেন
  • শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৬ ০৩:৩০

কৃষ্ণসাগর ও সংলগ্ন জলপথে চলাচলকারী জাহাজগুলির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। সম্প্রতি কৃষ্ণসাগর অতিক্রম করার সময় একটি পণ্যবাহী জাহাজ হামলার মুখে পড়ে। ওই ঘটনায় প্রাণ হারান এক ভারতীয় নাবিক। এরপরই কৃষ্ণসাগর হয়ে যাতায়াতকারী ভারতীয় নাবিকদের জন্য সতর্কতা জারি করেছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের পরামর্শ, ওই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কোনও ধরনের আশঙ্কা বা ঝুঁকি থাকলে, সেই জলপথ ব্যবহার করার আগে পরিস্থিতি ভালোভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

শুধু বর্তমানে কর্মরত ভারতীয় নাবিকদেরই নয়, কৃষ্ণসাগর অঞ্চলে বা সেই পথে চলাচলকারী জাহাজে চাকরি নেওয়ার পরিকল্পনা করছেন এমন ভারতীয় নাগরিকদেরও সতর্ক করেছে নরেন্দ্র মোদী সরকার। বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে এখনও পর্যন্ত কৃষ্ণসাগর পারাপারের সময় বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত পাঁচ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রক জানিয়েছে, কৃষ্ণসাগরে চলাচলকারী জাহাজগুলির উপর হামলার ঝুঁকি এখনও প্রবল। তাই ওই অঞ্চলে কর্মরত বা সেখানে যাওয়ার পরিকল্পনা থাকা সকল ভারতীয়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংশ্লিষ্ট অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজে চাকরি গ্রহণের আগে প্রত্যেকেরই সতর্কতার সঙ্গে পরিস্থিতি বিবেচনা করা উচিত। বিশেষ করে নিরাপত্তাজনিত কোনও ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। নাবিক ও চাকরিপ্রার্থীদের পাশাপাশি নিয়োগকারী সংস্থা এবং জাহাজ পরিচালনাকারী কর্তৃপক্ষকেও এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা ও দায়িত্বশীল পদক্ষেপ নিতে বলা হয়েছে। কেন্দ্রের পরামর্শ অনুযায়ী, চাকরিতে যোগ দেওয়ার আগে নিয়োগকারী সংস্থার কাছ থেকে জাহাজের নির্ধারিত রুট, যাত্রাপথে কোন কোন বন্দরে নোঙর করার পরিকল্পনা রয়েছে, জাহাজের নিরাপত্তা ব্যবস্থা কতটা সুরক্ষিত এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কী ধরনের প্রস্তুতি রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া অত্যন্ত জরুরি।

জাহাজে দায়িত্ব পালনের সময় ভারতীয় নাবিকদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছে কেন্দ্র। পাশাপাশি, তাঁরা কোন সমুদ্রপথ বা রুট দিয়ে যাতায়াত করছেন, সেই তথ্যও পরিবারকে জানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। এ ছাড়া, ‘ডিরেক্টর জেনারেল অফ মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন’ (ডিজিএমএ) বা ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা সব নির্দেশিকা ও নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে বিদেশ মন্ত্রক।

গত ১৮ জুলাই কৃষ্ণসাগর পার হওয়ার সময় একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, রুশ জলসীমায় চলাচলের সময় এমভি ওমোরফি নামের জাহাজটি হামলার মুখে পড়ে। জাহাজটিতে মোট ১০ জন নাবিক ছিলেন, তাঁদের মধ্যে তিন জন ভারতীয়। হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যু হলেও বাকি দুই ভারতীয় নিরাপদ রয়েছেন।

বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়, ‘‘এই ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমরা শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। নৌ চলাচলের স্বাধীনতা এবং আন্তর্জাতিক বাণিজ্য ক্রমাগত হুমকির মুখোমুখি হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগের বিষয়।” বিদেশ মন্ত্রক জানায়, রাশিয়ায় নিযুক্ত ভারতীয় দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।


Share