Supreme Court

দিল্লির বায়ুদূষণে যানবাহনের ধোঁয়াই প্রধান কারণ! পুরনো গাড়ি নিয়ন্ত্রণে চার রাজ্যকে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

দূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে যানবাহনের ধোঁয়াকে চিহ্নিত করে দিল্লি-সহ চার রাজ্যের কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছে দেশের শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৬ ০২:২৭

দিল্লি ও সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলে ক্রমবর্ধমান বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্ট জরুরি পদক্ষেপের নির্দেশ দিল। দূষণের অন্যতম প্রধান কারণ হিসেবে যানবাহনের ধোঁয়াকে চিহ্নিত করে দেশের শীর্ষ আদালত দিল্লি-সহ চার রাজ্যের কাছে বিস্তারিত প্রতিবেদন তলব করেছে। বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং পুরনো গাড়ি রাস্তা থেকে সরাতে কী ধরনের পদক্ষেপ করা হচ্ছে, তা স্পষ্টভাবে জানাতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ দিল্লি পুরনিগম, দিল্লি সরকার, দিল্লি ট্রাফিক পুলিশ এবং হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশ সরকারকে এই নির্দেশ দিয়েছে। যানবাহনের দূষণ নিয়ন্ত্রণের শংসাপত্র যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে কি না, নির্ধারিত মেয়াদ পেরিয়ে যাওয়া এবং পুরনো গাড়ির বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। কতগুলি গাড়ি পরীক্ষা করা হয়েছে, কত চালককে জরিমানা করা হয়েছে এবং কতগুলি যানবাহনের দিল্লিতে প্রবেশ আটকে দেওয়া হয়েছে, আদালত সেই হিসাবও চেয়েছে। পাশাপাশি আন্তঃরাজ্য যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট রাজ্যগুলির মধ্যে সমন্বয়ের বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করতে হবে।

বায়ুর গুণমান ব্যবস্থাপনা কমিশন আদালতে জানিয়েছে, দিল্লি ও সংলগ্ন অঞ্চলে বায়ুদূষণের একক বৃহত্তম উৎস যানবাহনের ধোঁয়া। শীতকালে মোট দূষণের প্রায় ২৩ শতাংশ এবং গ্রীষ্মকালে ১৯ শতাংশের জন্য দায়ী যানবাহনের নির্গত ধোঁয়া। কমিশনের প্রতিবেদন অনুযায়ী, গত ২১ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও রাজস্থানে খড় পোড়ানোর ঘটনা উল্লেখযোগ্যভাবে কমলেও যানবাহনের ধোঁয়া থেকে দূষণের মাত্রা বেড়েছে। এই পরিস্থিতিতে আগামী দুই সপ্তাহের মধ্যে গৃহীত পদক্ষেপ, কমিশনের প্রস্তাব এবং নিজস্ব পরিকল্পনার বিস্তারিত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।


Share