Fuel Price Hike

দিল্লি-এনসিআরে ফের বাড়ল সিএনজি-র দাম, আন্তর্জাতিক তেল সংকটের প্রভাব দেশে

নতুন দরে দিল্লিতে প্রতি কেজি সিএনজি-র দাম বেড়ে দাঁড়িয়েছে ৮০.০৯ টাকা। একই সঙ্গে নয়ডা ও গাজ়িয়াবাদে সিএনজি-র নতুন দাম হয়েছে প্রতি কেজি ৮৮.৭০ টাকা।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০২:৩৯

দিল্লি-এনসিআরে ফের বাড়ল সিএনজি-র দাম। রবিবার ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল) প্রতি কেজি সিএনজির দাম আরও এক টাকা বাড়ানোর ঘোষণা করেছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় দফার মূল্যবৃদ্ধি। ফলে রাজধানী ও সংলগ্ন এলাকার গাড়িচালকদের উপর বাড়তি চাপ পড়ল।

নতুন দরে দিল্লিতে প্রতি কেজি সিএনজি-র দাম বেড়ে দাঁড়িয়েছে ৮০.০৯ টাকা। একই সঙ্গে নয়ডা ও গাজ়িয়াবাদে সিএনজি-র নতুন দাম হয়েছে প্রতি কেজি ৮৮.৭০ টাকা।

এর আগে, ১৫ মে আইজিএল প্রতি কেজিতে দু'টাকা দাম বাড়িয়েছিল। সেই বৃদ্ধির পর দিল্লিতে সিএনজি-র দাম হয়েছিল ৭৯.০৯ টাকা প্রতি কেজি। রবিবারের নতুন বৃদ্ধির ফলে এই প্রথম দিল্লিতে সিএনজির দাম ৮০ টাকার সীমা ছাড়াল।

শুধু সিএনজি নয়, ১৫ মে থেকেই দেশে পেট্রল ও ডিজ়েলের দামও বেড়েছে। বর্তমানে দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটার ৯৭.৭৭ টাকা এবং ডিজ়েলের দাম ৯০.৬৭ টাকা।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির প্রভাবেই দেশে জ্বালানির দাম বাড়ছে বলে মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও গ্যাস বাণিজ্য এই পথের উপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বেড়েছে।

জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজুজু বলেন, বহু‘অনেক দেশে পেট্রল ও ডিজ়েলের দাম ২০ শতাংশ থেকে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। সেখানে ভারতে পেট্রলের দাম ৩.২ শতাংশ এবং ডিজেলের দাম ৩.৪ শতাংশ বাড়ানো হয়েছে।’

দিল্লি-এনসিআর অঞ্চলে প্রতিদিন বিপুল সংখ্যক গাড়ি সিএনজি ব্যবহার করে। ফলে এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়তে চলেছে সাধারণ যাত্রী, অটোচালক এবং পরিবহণ খরচের উপর।


Share