Cockroach Janata Party

সাংবাদিকদের মারধরের ঘটনায় অভিযুক্ত ‘শুক্রবারি’-দের পাশে সিজেপি, মুক্তি দেওয়ার দাবি কোকরোচ জনতা পার্টির

রাত প্রায় একটা নাগাদ দলের অন্যতম মুখপাত্র সৌরভ দাস একটি ভিডিয়ো বার্তায় জানান, আন্দোলনের জেরে যাঁদের আটক বা গ্রেফতার করা হয়েছে, তাঁদের প্রত্যেককে মুক্তি দেওয়ার বিষয়ে সরকার আশ্বাস দিয়েছে।

সিজেপি-র দুই প্রতিনিধি আশুতোষ রঙ্কা এবং সৌরভ দাস।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২৮ জুলাই ২০২৬ ০২:১২

বিভিন্ন রাজ্যে নিট-আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হতেই ফের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর পরেই সোমবার গভীর রাতে দলের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রের প্রতিনিধিদের বৈঠক হয়েছে বলে দাবি করেছে সিজেপি। রাত প্রায় একটা নাগাদ দলের অন্যতম মুখপাত্র সৌরভ দাস একটি ভিডিয়ো বার্তায় জানান, আন্দোলনের জেরে যাঁদের আটক বা গ্রেফতার করা হয়েছে, তাঁদের প্রত্যেককে মুক্তি দেওয়ার বিষয়ে সরকার আশ্বাস দিয়েছে।

সৌরভ দাস আরও জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে তাঁদের বিরুদ্ধে কোনও ধরনের প্রশাসনিক বা আইনি পদক্ষেপ না-নেওয়ার আশ্বাসও কেন্দ্রের তরফে দেওয়া হয়েছে। তাঁর দাবি, সোমবার গভীর রাতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধিরা বিহার ও অসম সরকারের জারি করা দুটি সরকারি বিজ্ঞপ্তির প্রতিলিপি সিজেপির প্রতিনিধিদের হাতে তুলে দেন। ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, নিট-আন্দোলনকে ঘিরে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহার করা হবে এবং আটক বা গ্রেফতার হওয়া প্রত্যেক আন্দোলনকারীকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে।

সিজেপির দাবি, আন্দোলনকারীদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর প্রত্যাহারের বিষয়ে মঙ্গলবারের মধ্যেই দেশের সব এনডিএ-শাসিত রাজ্যকে প্রয়োজনীয় নির্দেশ পাঠাবে কেন্দ্র। দলের আশা, সরকার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে। কেন্দ্রের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পরই ভিডিয়ো বার্তায় সিজেপির অন্যতম মুখপাত্র সৌরভ দাস বলেন, “কোনও প্রতিবাদীকে আমরা একলা ফেলে যাব না। আমরা প্রত্যেকের সঙ্গে রয়েছি।”

সোমবার বিকেলে সিজেপি অভিযোগ করে, নিট-কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়া ধৃত পড়ুয়াদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি বলেই দাবি দলের। সিজেপির অভিযোগ, সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিহার ও অসমে আন্দোলনকারীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত ছিল। এর জেরেই ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় তারা। তবে সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই বিহার সরকারের একটি বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে, যেখানে ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার কথা জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই একই ধরনের বিবৃতি প্রকাশ করে অসম সরকারও।

হিমন্ত বিশ্বশর্মা সরকার ঘোষণা করেছে, নিট-বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অসম পুলিশ বা রাজ্যের অন্য কোনও তদন্তকারী সংস্থা আর কোনও আইনি পদক্ষেপ করবে না। ইতিমধ্যেই দায়ের হওয়া মামলাগুলি যে পর্যায়েই থাকুক না কেন, সেগুলি প্রত্যাহারের প্রক্রিয়া অবিলম্বে শুরু করা হবে। পাশাপাশি, যাঁদের আটক বা গ্রেফতার করা হয়েছে, তাঁদের মামলাগুলি দ্রুত পর্যালোচনা করে আইনানুগভাবে মুক্তির প্রক্রিয়াও শুরু হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

সোমবার বিজেপিশাসিত যে তিনটি রাজ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে ‘ধরপাকড়ের’ অভিযোগ তুলেছিল সিজেপি, তার মধ্যে দু’টি রাজ্য ইতিমধ্যেই সরকারি বিজ্ঞপ্তি জারি করে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। ওই দুই রাজ্য সরকার আটক আন্দোলনকারীদের মুক্তি এবং তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ ধরনের কোনও ঘোষণা বা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।


Share    

CJP