Murder and Suicide

পঞ্জাবের আইন কলেজে ঝড়ল রক্ত, সহপাঠীকে গুলি করে আত্মঘাতী ছাত্র, ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য

সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রিন্স প্রথমে সন্দীপকে লক্ষ্য করে গুলি চালান। এর পরে সেই বন্দুক দিয়ে নিজেকে গুলি করেন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পঞ্জাব
  • শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:০৮

সহপাঠী তরুণীকে খুন। তারপরেই আত্মঘাতী যুবক। সোমবার এই নৃশংস ঘটনাটি ঘটেছে পঞ্জাবের তরন তারন জেলায় অবস্থিত মাই ভাগো আইন কলেজে। এই ঘটনায় দু'জনেরই মৃত্যু হয়েছে৷ ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ বাহিনী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি তাঁদের সহপাঠীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু কী কারণে এই ঘটনা তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে।

জানা গিয়েছে, মৃত দু'জনের নাম প্রিন্স রাজ এবং সন্দীপ কৌর। তাঁরা ওই আইন কলেজের পড়ুয়া। প্রিন্সের বাড়ি মাল্লিয়ান গ্রামে। মৃত তরুণী সন্দীপের বাড়ি নওশেহরা পান্নুয়ানে। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রিন্স প্রথমে সন্দীপকে লক্ষ্য করে গুলি চালান। এর পরে সেই বন্দুক দিয়ে নিজেকে গুলি করেন। তাঁদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা গিয়েছে, প্রিন্স রাজ পিঠে ব্যাগ নিয়ে ক্লাসের মধ্যে প্রবেশ করছেন। এর পরে তিনি সন্দীপ এবং অন্য এক তরুণী সহপাঠীর সঙ্গে কথা বলেন। এর পরে তাঁরা ক্লাসরুমের পিছনের দিকে চলে যান এবং কথা বলতে থাকেন। এর পরে ওই তরুণীদের দিকে পিছন ঘুরে ব্যাগ থেকে বন্দুক বের করেন প্রিন্স এবং গুলি করেন সন্দীপকে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এর পরে প্রিন্স নিজেকে গুলি করেন। ক্লাসরুমের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।


Share