Rape

মাদক মিশিয়ে ধর্ষণ, ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল! কেরলে গ্রেফতার অটোচালক

গত ফেব্রুয়ারিতে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে মহিলাকে খাইয়ে অচেতন করে ধর্ষণ করে ওই অটোচালক। সেই সময় ঘটনার ভিডিয়ো ও ছবিও তুলে রাখে সে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কেরল
  • শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০৩:৫১

কেরলে এক মহিলাকে মাদক খাইয়ে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিয়ো তুলে ব্ল্যাকমেল করার অভিযোগে গ্রেফতার হল এক অটোচালক। ঘটনাটি ঘটেছে রাজ্যের আদুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা অভিযুক্তের বাড়ির কাছেই থাকতেন এবং মাঝেমধ্যেই তাঁর অটোতে যাতায়াত করতেন। অভিযোগ, গত ফেব্রুয়ারিতে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে মহিলাকে খাইয়ে অচেতন করে ধর্ষণ করে ওই অটোচালক। সেই সময় ঘটনার ভিডিয়ো ও ছবিও তুলে রাখে সে।

এর পর সেই ভিডিয়ো ও ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে মহিলাকে একাধিক বার ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরে বিষয়টি স্বামীকে জানান নির্যাতিতা। অভিযোগ, তা জানাজানি হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধরও করে অভিযুক্ত।

গত মাসে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন মহিলা। তবে তাঁর দাবি, সমস্ত তথ্য জানানোর পরেও পুলিশ প্রথমে অভিযুক্তকে গ্রেফতারের জন্য কোনও কার্যকর পদক্ষেপ নেয়নি। বারবার থানায় গিয়েও সুরাহা না মেলায় শেষ পর্যন্ত পুলিশ সুপারের দ্বারস্থ হন তিনি।

পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু হয়। একাধিক দল গঠন করে অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হয়। অবশেষে শুক্রবার অভিযুক্ত অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেটও উদ্ধার করা হয়েছে।


Share