Minning Officer Busted

ভুবনেশ্বরে খনি আধিকারিকের ফ্ল্যাটে কোটি টাকার পাহাড়! ঘুষ নিতে গিয়েই ধরা ডেপুটি ডিরেক্টর

দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। বিশেষ করে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসে। একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতে রাজ্য ভিজিল্যান্স দফতর।

উদ্ধারকৃত অর্থের কিছু অংশ
নিজস্ব সংবাদদাতা, ভুবনেশ্বর
  • শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৬

ঘুষ নেওয়ার অভিযোগে মঙ্গলবার ভিজিল্যান্স দফতরের হাতে গ্রেফতার হন এক খনি আধিকারিক। গ্রেফতারের পর তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনা সামনে এসেছে ভুবনেশ্বরে।

সূত্রের খবর, ধৃত আধিকারিকের নাম দেবব্রত মোহান্তি। তিনি কটক সার্কেলের খনি দফতরের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত। দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল। বিশেষ করে কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ সামনে আসে। একাধিক অভিযোগের ভিত্তিতে তাঁকে হাতেনাতে ধরতে ফাঁদ পাতে রাজ্য ভিজিল্যান্স দফতর। মঙ্গলবার এক কয়লা ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই টাকা নিচ্ছিলেন মোহান্তি। গ্রেফতারের পর তাঁর তিনটি ঠিকানা ভুবনেশ্বরের ফ্ল্যাট, ভদ্রকে পৈতৃক বাড়ি এবং কটকে তাঁর দফতর চেম্বারে তল্লাশি চালানো হয়।

ভিজিল্যান্স আধিকারিকদের দাবি, ভুবনেশ্বরের ফ্ল্যাটে তল্লাশির সময় একটি ট্রলিব্যাগ ও আলমারি থেকে প্রায় ৪ কোটি টাকা উদ্ধার হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, আরও নগদ অর্থ লুকোনো থাকতে পারে। পাশাপাশি প্রায় ১৩০ গ্রাম সোনাও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।


Share