Middle East Conflict

যুদ্ধে জিতে যাওয়ার পর আর যুদ্ধে যোগ দেওয়ার দরকার নেই', একসময়ের বন্ধু ব্রিটেনকে খোঁচা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরানের ওপর আক্রমণ করে। মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার পর থেকে ক্রমেই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। কিন্তু ব্রিটেন সে যুদ্ধে যোগ দেয়নি।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৬ ০২:১১

জিতে যাওয়ার পর যারা যুদ্ধে যোগ দিতে চায়, আমেরিকার তাদের প্রয়োজন নেই। এক সময়ের বন্ধু ব্রিটেনকে কটাক্ষ করে এমনটাই মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকাকে সহায়তার জন্য ব্রিটেন পশ্চিম এশিয়ায় দু’টি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তাব দিয়েছিল। তা আমেরিকা নাকচ করে দিয়েছে। কারণ, এখন আর সেগুলির কোনও প্রয়োজন নেই। পশ্চিম এশিয়ার যুদ্ধে ইতিমধ্যে আমেরিকা জিতে গিয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প।

শনিবার ভারতীয় সময় অনুযায়ী গভীর রাতে ট্রাম্প সমাজমাধ্যমে ব্রিটেনকে বার্তা দিয়েছেন। জানিয়েছেন, ব্রিটেন এক সময় আমেরিকার মহান ছিল। তিনি আরও লেখেন, ‘‘ব্রিটেন এক সময় আমাদের মহান বন্ধু ছিল। হয়তো সকলের চেয়ে মহান ছিল। তারা অবশেষে পশ্চিম এশিয়ায় দু’টি বিমানবাহী রণতরী পাঠানোর বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।’’ ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে নিশানা করে ট্রাম্প লেখেন, ‘‘ঠিক আছে প্রধানমন্ত্রী স্টার্মার, আমাদের ওগুলো আর চাই না। তবে আমরা মনে রাখব। আমরা যুদ্ধে জিতে যাওয়ার পর সেই যুদ্ধে কেউ যোগ দিক, সেটা চাই না।’’

পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ব্রিটেনের সমালোচনা করে আসছেন ট্রাম্প। অভিযোগ, ইরানকে আক্রমণ করতে ব্রিটেন আমেরিকাকে কোনও সাহায্য করেনি। ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হয়নি মার্কিন সেনাকে। এর ফলে ব্রিটেন এবং আমেরিকার ‘ঐতিহাসিক বন্ধুত্ব’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।

গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ বাহিনী ইরানের ওপর আক্রমণ করে। মৃত্যু হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তার পর থেকে ক্রমেই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। কিন্তু ব্রিটেন সে যুদ্ধে যোগ দেয়নি। স্টার্মার প্রথম থেকেই দাবি করছিলেন, মার্কিন সেনাকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়ার আগে তাদের সামরিক পদক্ষেপ যে বেআইনি নয়, সে বিষয়ে নিশ্চিত হতে হবে। পরে ইরানের আক্রমণ প্রতিহত করতে আমেরিকাকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হবে বলে জানান স্টার্মার। এর পর শনিবার ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, পশ্চিম এশিয়ায় তারা বিমানবাহী রণতরী ‘প্রিন্স অফ ওয়েল্‌স’ পাঠানোর বিষয়ে ভাবনাচিন্তা করছে। সেই পদক্ষেপকেই কটাক্ষ করলেন ট্রাম্প।


Share