Middle East Conflict

শান্তিচুক্তির পথে আমেরিকা-ইরান, হরমুজ প্রণালী খোলার আশার মাঝেই খামেনেইয়ের শেষকৃত্যের দিন ঘোষণা তেহরানের

বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় বাসভবনের একাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় খামেনেই এবং তাঁর স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহর। গুরুতর আহত হন তাঁর মেজ ছেলে মোজতাবা খামেনেই।

ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই।
নিজস্ব সংবাদদাতা, ইরান
  • শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ০৬:০৪

আমেরিকা ও ইরানের শান্তি চুক্তি দিনক্ষণ ঘোষণা হয়েছে। এই ঘটনার পর থেকেই হরমুজ প্রণালী খুলে যাওয়ার আশায় পুরো বিশ্বের এখন পশ্চিম এশিয়ার দিকে। এর পাশাপাশি দৃঢ় হচ্ছে যুদ্ধবিরতির সম্ভাবনা। এই আবহেই ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্যের দিনক্ষণ ঘোষণা করল তেহরান। মৃত্যুর প্রায় চার মাস পর আগামী ৯ জুলাই তাঁকে সমাহিত করা হবে বলে জানিয়েছে ইরান সরকার। ৪ জুলাই থেকে শুরু হবে অন্ত্যেষ্টিক্রিয়ার ধর্মীয় আচার।

চলতি বছরে ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যৌথ সামরিক অভিযানের সময় খামেনেই নিহত হন। সে দিন তেহরানে নিজের সরকারি বাসভবনে ঘনিষ্ঠ আত্মীয় ও নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই সেখানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় বাসভবনের একাংশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় খামেনেই এবং তাঁর স্ত্রী মনসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহর। গুরুতর আহত হন তাঁর মেজ ছেলে মোজতাবা খামেনেই।

প্রথমে খামেনেইকে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে সমাহিত করার পরিকল্পনা ছিল। তবে যুদ্ধকালীন নিরাপত্তাজনিত কারণে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। ইরানি প্রশাসনের আশঙ্কা ছিল, সর্বোচ্চ নেতার শেষকৃত্যে বিপুল জনসমাগমকে কেন্দ্র করে নতুন করে হামলার ঘটনা ঘটতে পারে। কিন্তু বর্তমানে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হওয়ায় এবং পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল হওয়ায় অন্ত্যেষ্টির আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে খামেনেইয়ের দেহ বর্তমানে কোথায় রাখা হয়েছে বা কী অবস্থায় রয়েছে, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ করেনি ইরান সরকার। তাঁর মৃত্যুর পর মোজতাবা খামেনেইকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হলেও তিনি এখনও জনসমক্ষে আসেননি। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ফেব্রুয়ারির হামলায় তিনিও গুরুতর আহত হয়েছিলেন। যদিও বাবার শেষকৃত্যে তাঁর উপস্থিত থাকার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সূত্রের খবর, সব কিছু পরিকল্পনামাফিক এগোলে কুম শহরে খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। পরে ৯ জুলাই তাঁর জন্মস্থান মাশহাদে সমাহিত করা হবে তাঁকে।

অন্য দিকে, একই দিনে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, রবিবারই চুক্তি স্বাক্ষরিত হতে পারে এবং তার পরেই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও একই ধরনের ইঙ্গিত দিয়েছেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া জানায়নি ইরান।


Share