Ship Sniking

জাভা সাগরে ২৪৩ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ! উদ্ধার ১০৩ জন, মৃত এক, এখনও নিখোঁজ ১৪০ জনের

তবে এখনও নিখোঁজ ১৪০ জন যাত্রী। উদ্ধারকারীদের তৎপরতার মধ্যেই এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে বলেও প্রশাসন সূত্রে খবর। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে।

জাহাজের খোঁজে চলছে তল্লাশি।
নিজস্ব সংবাদদাতা, ইন্দোনেশিয়া
  • শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০২:৩৭

ইন্দোনেশিয়ায় জাভা সাগরে নিখোঁজ যাত্রীবাহী জাহাজের ১০৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সে দেশের প্রশাসন। তবে এখনও নিখোঁজ ১৪০ জন যাত্রী। উদ্ধারকারীদের তৎপরতার মধ্যেই এক মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে বলেও প্রশাসন সূত্রে খবর। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ ২৪৩ জন যাত্রীকে নিয়ে পূর্ব জাভা থেকে ‘ভার্গোট ট্রান্সপোর্ট ৮’ বোর্নিওর উদ্দেশ্যে রওনা হয়েছিল। সুরাবায়া থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে জাহাজটির শেষ অবস্থান শনাক্ত করা হয়। এর পর থেকেই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত দু'টো নাগাদ জাভা সাগরে জাহাজটির কোনও হদিস পাওয়া যাচ্ছিল না। খবর পেয়েই শুরু হয় উদ্ধার অভিযান। তবে খারাপ আবহাওয়া এবং উত্তাল সমুদ্রের কারণে সেই কাজে বাধা তৈরি হচ্ছে। এখনও নিখোঁজ ১৪০ জনের সন্ধানে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন।

উদ্ধারকারী দলের প্রধান পুতু সুদন্যা জানিয়েছেন, ১০৩ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এক জনের মৃত্যু হয়েছে। তাঁর দাবি, দুর্যোগপূর্ণ আবহাওয়ার পাশাপাশি সমুদ্রে প্রবল ঢেউয়ের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। সংবাদ সংস্থা এএফপিকে সুদন্যা জানিয়েছেন, নিখোঁজ হওয়ার আগে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছিলেন, সমুদ্রে দুর্যোগ শুরু হয়েছে এবং জাহাজটি প্রবল ভাবে দুলছে। তার পর থেকেই জাহাজটির সঙ্গে আর কোনও যোগাযোগ করা যায়নি। নিখোঁজ জাহাজটির সন্ধানে একাধিক উদ্ধারকারী দল তল্লাশি চালাচ্ছে।

তবে এই প্রথম নয়। গত সোমবারও ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশে মাউন্ট ক্রাকাটোয়ার কাছে একটি স্পিডবোট সমুদ্রে নিখোঁজ হয়। ওই নৌকায় পাঁচ সাংবাদিক-সহ মোট আট জন ছিলেন। তাঁদের এখনও কোনও সন্ধান মেলেনি। তার কয়েক দিনের মধ্যেই ফের জাহাজ নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে।


Share