Plane Accident

পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী বিমান, ২৯ জনের মৃত্যু

রাশিয়ার সংবাদসংস্থা তাস বুধবার ভোরে জানিয়েছে, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ (মস্কোর সময়) বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপর্যয়টি ঘটেছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ০১:৫৪

ক্রিমিয়ার খাড়া পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী এএন-২৬ বিমান। দুর্ঘটনার ফলে ২৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ‍্যে রয়েছেন বিমানের পাইলট-সহ ছ’জন ক্রু। 

রাশিয়ার সংবাদসংস্থা তাস বুধবার ভোরে জানিয়েছে, মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ (মস্কোর সময়) বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। অনুমান করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপর্যয়টি ঘটেছে। যদিও  দুর্ঘটনাস্থল চিহ্নিত হলেও রাশিয়ার সেনাবাহিনী এখনও বিস্তারিত কোনও তথ্য জানায়নি। এ-ও জানা যায়নি মোট কতজন যাত্রী ছিলেন ওই বিমানে।

তবে একটি সূত্রে দাবি করা হচ্ছে, ওই বিমানে কোনও মিসাইল বা ড্রোন হামলা হয়নি। এমনকি, পাখির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ জানতে দুর্ঘটনাস্থলের দিকে রওয়ান হয়েছেন মিলিটারি কমিশনের সদস্যরা।

এএন-২৬ বিমান সর্বোচ্চ ৪০ জন যাত্রী এবং মাল বহন করতে পারে। ১৯৬০ সালে সামরিক ও অসামরিক পরিবহণের জন্য এই বিমানকে কাজে লাগানো শুরু হয়েছিল। ছোট ও মাঝারি দূরত্বে যাতায়াত করতে পারে রাশিয়ার সেনাবাহিনীর এই বিমান। এর আগেও একাধিক বার রাশিয়ার সেনাবাহিনীর বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। কয়েকবার দুর্ঘটনা ঘটেছে প্রশিক্ষণের সময়ে, কখনও টহল দেওয়ার সময়ে।


Share