Middle East Conflict

‘অযথা সময় নষ্ট করছে ইরান,’ পরবর্তী নেতা কে হবেন, তা নিয়েও চলবে নজরদারি, জানিয়ে দিলেন ট্রাম্প

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) আমেরিকা এবং ইজরায়েল প্রায় একসঙ্গে হামলা চালায় ইরানে। পাল্টা হামলার পথে হাঁটে তেহরানও। এরপর থেকেই পশ্চিম এশিয়ার একাধিক দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে।

ডোলান্ড ট্রাম্প
নিজস্ব সংবাদদাতা, আমেরিকা
  • শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০২:৫৮

ইরানের পরবর্তী নেতা কে হবেন, তা এখনও স্পষ্ট হয়নি। এখনও ভাবনাচিন্তা চলছে। এরই মধ্যে শোনা গিয়েছে, নিহত স্বৈরশাসক আয়াতোল্লা আলি খামেনেই পুত্র মোজতবা খামেনেই তেহরানের গদিতে বসবেন। তবে সেই খবরে সিলমোহর তেহরান দেয়নি। তবে মোজতবা খামেনেই নিয়ে একদমই গুরুত্ব দিতে নারাজ ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরান নেতা বাছাই করতে শুধু শুধু সময় নষ্ট করছে। সেই দেশে নেতা নির্বাচনের ক্ষেত্রে নজরদারি চালাবেন বলেও জানান প্রেসিডেন্ট ট্রাম্প।

ট্রাম্পের মতে, ইরানে এমন এক শাসক ক্ষমতায় আসা প্রয়োজন, যিনি আমেরিকার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী হবেন। সেই কারণেই ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকতে চান তিনি। ট্রাম্প বলেন, ‘‘ওরা (ইরান) নিজেদের সময় নষ্ট করছে। খামেনেইয়ের পুত্র কম ওজনদার। আমাকে এই নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকতে হবে।’’

ইরানে কেমন নেতা দেখতে চান, তারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ-এর মতো কোনও নেতা ইরানের ক্ষমতায় এলে ভাল হয়। তাঁর দাবি, ডেলসির নেতৃত্বে ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার সম্পর্কের উন্নতি হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঠিক কীভাবে ইরানের নেতা নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত হবেন, তা স্পষ্ট করে জানাননি ট্রাম্প। শুধু এটুকুই জানিয়েছেন, তাঁর নীতির বিরোধী কাউকে তিনি ইরানের নেতা হিসেবে দেখতে চান না।

উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) আমেরিকা এবং ইজরায়েল প্রায় একসঙ্গে হামলা চালায় ইরানে। পাল্টা হামলার পথে হাঁটে তেহরানও। এরপর থেকেই পশ্চিম এশিয়ার একাধিক দেশে যুদ্ধ ছড়িয়ে পড়েছে।

ট্রাম্প দাবি করেছেন, এই এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্রুত সাফল্যের দিকে এগিয়েছে মার্কিন সামরিক অভিযান। ট্রাম্পের দাবি, সাম্প্রতিক আমেরিকার সামরিক অভিযানে খামেনেই-সহ একাধিক প্রভাবশালী ব্যক্তি নিহত হয়েছেন। সে কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্পের দাবি, আমেরিকাই এখন এই সংঘর্ষ ‘নিয়ন্ত্রণ’ করার জায়গায় রয়েছে। তিনি বলেন, “আমরা এখন খুবই ভাল জায়গায় রয়েছি। ওদের (ইরানের) নেতৃত্ব দেওয়ার লোক খুব তাড়াতাড়ি হারিয়ে যাচ্ছে। যিনি নেতৃত্ব দিতে চাইছেন, তিনিই শেষে মারা যাচ্ছেন।’’


Share