Middle East Conflict

কাশ্মীর উপত্যকা জুড়ে তীব্র বিক্ষোভ, আয়াতোল্লা আলি খামেনেই হত্যার প্রতিবাদে স্কুল-কলেজ বন্ধ, 'টু জি'-তে নামল ইন্টারনেট পরিষেবা

গত শনিবার আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় খামেনেইর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা বাড়তে থাকে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি উপত্যকাজুড়ে ইন্টারনেট পরিষেবায়ও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ইরা
  • শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৪:১১

পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রভাব পড়েছে কাশ্মীর উপত্যকায়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর হত্যাকাণ্ডের প্রতিবাদে উপত্যকার বিভিন্ন জেলায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তার স্বার্থে আগামী রবিবার পর্যন্ত জম্মু-কাশ্মীর সরকার সমস্ত স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গত শনিবার আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় খামেনেইর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই উত্তেজনা বাড়তে থাকে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পাশাপাশি উপত্যকাজুড়ে ইন্টারনেট পরিষেবায়ও কড়াকড়ি আরোপ করা হয়েছে।

জম্মু-কাশ্মীর শিক্ষা দফতর জানিয়েছে, সম্পূর্ণ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জেরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের চলতি সপ্তাহের নির্ধারিত সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন পরীক্ষার দিনক্ষণ পরে ঘোষণা করা হবে। এদিকে শ্রীনগরের লাল চক ও ঘণ্টা ঘর এলাকায় ব্যারিকেড বসিয়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্পর্শকাতর অঞ্চলে অতিরিক্ত পুলিশ ও সিআরপিএফ মোতায়েন রয়েছে, যাতে কোনও জমায়েত বা অশান্তি না ছড়ায়।

বিক্ষোভ নিয়ন্ত্রণে আপাতত গোটা উপত্যকায় ইন্টারনেট পরিষেবা সীমিত রাখা হয়েছে। বর্তমানে কেবল 'টু জি' গতিতে ইন্টারনেট ব্যবহারের অনুমতি রয়েছে, যা ৪ মার্চ পর্যন্ত বহাল থাকতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। উস্কানিমূলক ভিডিও বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়া রুখতেই এই পদক্ষেপ বলে দাবি প্রশাসনের। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহদি এবং শ্রীনগরের প্রাক্তন মেয়র জুনায়েদ মাট্টুর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

বর্তমান পরিস্থিতিতে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি জানান, আন্তর্জাতিক আইন কোনও দেশের নেতার হত্যাকাণ্ডকে সমর্থন করে না। মানুষের শোক স্বাভাবিক হলেও তা যেন অশান্তির কারণ না হয়, সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আবেদন জানান তিনি। পাশাপাশি ইরানে আটকে থাকা কাশ্মীরি ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনকে সংবেদনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার নির্দেশও দিয়েছেন তিনি।


Share