Middle East Conflict

উপসাগরীয় আকাশে অস্ট্রেলিয়ার ‘উড়ন্ত পাহারাদার’! ইরানকে রুখতে মোতায়েন ই-৭ ওয়েজটেল

অস্ট্রেলিয়ার তরফে পাঠানো হচ্ছে অত্যাধুনিক নজরদারি বিমান ফ্লাইং রেডার ‘ই-৭ ওয়েজটেল। প্রাথমিকভাবে চার সপ্তাহের জন্য এই বিমান মোতায়েন করা হবে। উপসাগরীয় অঞ্চলের দেশ বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, কুয়েত, বাহরিনে ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।

অষ্ট্রেলিয়ার ফ্লাইং রেডার
নিজস্ব সংবাদদাতা, অষ্ট্রেলিয়া
  • শেষ আপডেট: ১০ মার্চ ২০২৬ ০৪:৪৮

উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা সুরক্ষিত রাখতে ‘উড়ন্ত পাহারাদার’ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘোষণা করেন। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলের আকাশপথে নজরদারি চালাতে মোতায়েন করা হবে শক্তিশালী ফ্লাইং রাডার বিমান। প্রতিপক্ষের কোনও ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার চেষ্টা ধরা পড়লেই তা মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেবে এই বিমান।

অস্ট্রেলিয়ার তরফে পাঠানো হচ্ছে অত্যাধুনিক নজরদারি বিমান ফ্লাইং রেডার ‘ই-৭ ওয়েজটেল। প্রাথমিকভাবে চার সপ্তাহের জন্য এই বিমান মোতায়েন করা হবে। উপসাগরীয় অঞ্চলের দেশ বিশেষ করে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার, কুয়েত, বাহরিনে ধারাবাহিক হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে ওই দেশগুলির নিরাপত্তায় পাশে দাঁড়াতেই অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ।

সম্প্রতি একাধিক হামলার প্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট মহম্মদ বিন জ়ায়েদ আল নাহিয়ানের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী আলবানিজ়। সেই বৈঠকের পরই পশ্চিম এশিয়ায় ‘ই-৭ ওয়েজটেল’ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আলবানিজ় জানান, সংযুক্ত আরব আমিরশাহিতে প্রায় ২৪ হাজার অস্ট্রেলীয় নাগরিক বসবাস করেন। তাঁদের নিরাপত্তার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের সামগ্রিক সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার দাবি, সাম্প্রতিক সময়ে ইরানের প্রায় ১৫০০টি রকেট ও ড্রোন হামলার চেষ্টা প্রতিহত করেছে সংযুক্ত আরব আমিরশাহি। পাশাপাশি, দেশটিকে সামরিক সহযোগিতাও দেবে অস্ট্রেলিয়া। ইরানের মোকাবিলায় মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে বলেও জানান আলবানিজ়। তাঁর কথায়, পশ্চিম এশিয়ায় অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাঁর সরকারের প্রথম দায়িত্ব। আর অস্ট্রেলীয়দের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে উপসাগরীয় অঞ্চলের দেশগুলির নিরাপত্তাও সমানভাবে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, ফ্লাইং রেডার ‘ই-৭ ওয়েজটেল’একটি অত্যাধুনিক ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল’ বিমান। বোয়িং-এর ৭৩৭-৭০০ সিরিজের উপর ভিত্তি করে তৈরি এই বিমানকে বিশেষ সামরিক প্রযুক্তি দিয়ে সাজানো হয়েছে। এতে রয়েছে নর্থরপ গ্রুম্যান নির্মিত মাল্টি-রোল ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে রাডার, যা বিস্তীর্ণ অঞ্চলে নজরদারি চালাতে সক্ষম এবং সম্ভাব্য হুমকি সম্পর্কে সেনাবাহিনীকে দ্রুত সতর্ক করে। বর্তমানে অস্ট্রেলিয়ার হাতে এ ধরনের ছ’টি ‘ই-৭ ওয়েজটেল’ বিমান রয়েছে।


Share