Assembly Election

গণনার আগে চূড়ান্ত প্রস্তুতির বৈঠক, রবিবার সন্ধ্যায় ভবানীপুরের কাউন্টিং এজেন্ট-সহ দলীয় কাউন্সিলরদের নিজের বাড়িতে ডাকলেন মুখ্যমন্ত্রী

দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ কালীঘাটের বাসভবন সংলগ্ন দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ মে ২০২৬ ০৫:৩৯

গণনার আগে চূড়ান্ত প্রস্তুতিতে তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্ট, কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ কালীঘাটের বাসভবন সংলগ্ন দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার ভবানীপুর-সহ রাজ্যের ২৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগণনা হওয়ার কথা। তার আগের দিন নিজের কেন্দ্রের সংগঠনকে চূড়ান্ত বার্তা দিতে চান ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা। বৈঠকে ভবানীপুরের অন্তর্গত আটটি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতিরা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্রের খবর, গণনার দিন কার কী দায়িত্ব থাকবে, তা এই বৈঠকে স্পষ্ট করে দেওয়া হতে পারে। কাউন্টিং এজেন্টদের ভূমিকা থেকে শুরু করে গণনাকেন্দ্রের পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল সবই তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, শুক্রবারই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী অরফ্যানগঞ্জে দলীয় কার্যালয়ে নিজের কর্মীদের সঙ্গে বৈঠক করেন। ফলে গণনার আগে দুই শিবিরই সংগঠনকে চাঙা করতে তৎপর।

গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোটগ্রহণ হয়। এই কেন্দ্রটি শুরু থেকেই রাজ্য রাজনীতির অন্যতম কেন্দ্রবিন্দু, কারণ এখানে সরাসরি মুখোমুখি লড়াইয়ে নেমেছেন মমতা ও শুভেন্দু। গত বছরের নন্দীগ্রামের দ্বৈরথের পুনরাবৃত্তি ঘটছে ভবানীপুরে যেখানে সেইবার শুভেন্দুর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। এবার কলকাতার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে ফলাফল কী হয়, তা নিয়েই রাজনৈতিক মহলে জোর জল্পনা।

এর আগে শনিবার বিকেলে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে দলের কাউন্টিং এজেন্টদের একাধিক নির্দেশ দেন। সব গণনাকেন্দ্রের আপডেট নিয়মিত শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হয়েছে। কোথাও অল্প ব্যবধানে পিছিয়ে থাকলে পুনর্গণনার দাবি তোলার নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি, গণনাপ্রক্রিয়া পর্যবেক্ষণে জেলাওয়ারি দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকরাও ইতিমধ্যেই নিয়োগ করেছে তৃণমূল।

রবিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “মুখ্যমন্ত্রী শুধু লক্ষ্য রাখুন ভবানীপুরে যাতে লোডশেডিং না হয়। যত আলোই জ্বালিয়ে রাখা হোক না কেন ফলাফল তৃণমূলের পক্ষে যাচ্ছে না।”


Share