Assembly Election

২৯৪ আসনের ভোট গণনা এবার ৭৭ কেন্দ্রেই, ধাপে ধাপে কমল সংখ্যা, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের

চলতি নির্বাচনে গত ১৭ এপ্রিল সেই সংখ্যা কমিয়ে ৮৭ করা হয়েছিল। এ বার তা আরও কমিয়ে ৭৭ করা হল।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীক মনোজকুমার আগরওয়াল
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৫:০৬

ভোটগণনার আগে ফের বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। রাজ্যে গণনাকেন্দ্রের সংখ্যা আরও কমিয়ে ৭৭ করা হল। বৃহস্পতিবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জানায়, ২৯৪টি বিধানসভা আসনের ভোট গণনা হবে এই ৭৭টি কেন্দ্রেই। একই সঙ্গে জেলা ভিত্তিক গণনাকেন্দ্রের তালিকা ও ঠিকানাও প্রকাশ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে গণনাকেন্দ্র ছিল ৯০টি। ২০২১ সালে তা বাড়িয়ে করা হয় ১০৮। তবে চলতি নির্বাচনে গত ১৭ এপ্রিল সেই সংখ্যা কমিয়ে ৮৭ করা হয়েছিল। এ বার তা আরও কমিয়ে ৭৭ করা হল। যদিও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনে এই সংখ্যাও আরও কমানো হতে পারে।

জেলাভিত্তিক হিসেবে আলিপুরদুয়ারে একটি, বাঁকুড়ায় তিনটি, বীরভূমে তিনটি, কোচবিহারে পাঁচটি, দক্ষিণ দিনাজপুরে দু'টি, দার্জিলিঙে তিনটি, হুগলিতে পাঁচটি, হাওড়ায় চারটি, জলপাইগুড়িতে দু'টি, ঝাড়গ্রামে একটি, কালিম্পঙে একটি, কলকাতায় পাঁচটি (উত্তরে এক, দক্ষিণে চার), মালদহে দু'টি, মুর্শিদাবাদে পাঁচটি, নদিয়ায় চারটি, উত্তর ২৪ পরগনায় সাতটি, পশ্চিম বর্ধমানে দু'টি, পশ্চিম মেদিনীপুরে তিনটি, পূর্ব বর্ধমানে চারটি, পূর্ব মেদিনীপুরে চারটি, পুরুলিয়ায় তিনটি, দক্ষিণ ২৪ পরগনায় ছ'টি এবং উত্তর দিনাজপুরে দু'টি গণনাকেন্দ্র রাখা হয়েছে।

কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে পাঁচটি কেন্দ্রে বালিগঞ্জ সার্কুলার রোডের বাবা সাহেব অম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, শাখাওয়াত মেমোরিয়াল স্কুল এবং ডায়মন্ড হারবার রোডের সেন্ট থমাস বয়েজ স্কুলে।

উত্তর ২৪ পরগনায় রাজ্যের সর্বাধিক ৩৩টি আসনের ভোট গণনা হবে আটটি কেন্দ্রে। এর মধ্যে রয়েছে বারাসত গভর্নমেন্ট কলেজ অ্যান্ড হাইস্কুল, বসিরহাট হাই স্কুল, বসিরহাট পলিটেকনিক কলেজ, বিধাননগর কলেজ, বনগাঁর দীনবন্ধু মহাবিদ্যালয়, পানিহাটির গুরুনানক কলেজ ক্যাম্পাস এবং ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ।

দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের ভোট গণনা হবে ছ'টি কেন্দ্রে যাদবপুরের এপিসি রায় পলিটেকনিক কলেজ, ক্যানিংয়ের বঙ্কিম সর্দার কলেজ, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, আলিপুরের বিহারিলাল কলেজ, হেস্টিংস হাউস কমপ্লেক্স এবং কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়।

এ ছাড়াও, আলিপুরদুয়ারের পাঁচটি আসনের গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। জলপাইগুড়ির সাতটি আসনের ভোট গণনা হবে দুই কেন্দ্রে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এবং পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে। কালিম্পঙের একমাত্র আসনের গণনা হবে স্কটিশ ইউনিভার্সিটিস মিশন ইনস্টিটিউশনে। ঝাড়গ্রামের চারটি আসনের ভোট গণনা হবে রানি ইন্দিরা দেবী সরকারি স্কুলে।


Share