Assembly Election

উদয়নারায়ণপুরে বুথের ভিতরেই বৃদ্ধের মৃত্যু, অভিষেকের দাবি উড়িয়ে দিল নির্বাচন কমিশন

কমিশনের দাবি, বুথে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ান কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি বা ধাক্কা দেননি।a

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ উড়িয়ে দিল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৩:৩৯

হাওড়ার উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে বুথের ভিতরে এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। এর মধ্যেই ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবিকে ‘ভুল’ বলে খারিজ করে দিয়েছে।

কমিশনের প্রকাশিত ভিডিয়ো অনুযায়ী, ৮২ বছরের পূর্ণচন্দ্র দলুই পুত্রের সঙ্গে ভোট দিতে বুথে প্রবেশ করেন। হাতে কালি লাগানোর পর লাঠিতে ভর দিয়ে তিনি নিজেই ইভিএম-এর দিকে এগিয়ে যান। কিছু ক্ষণ পর তাঁর শারীরিক অসুবিধা লক্ষ্য করে পুত্র এগিয়ে গিয়ে কীভাবে ভোট দিতে হয় তা দেখিয়ে দেন। এরপর অল্প সময়ের মধ্যেই ইভিএমের সামনে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। উপস্থিত ভোটকর্মী ও তাঁর পুত্র তাঁকে দ্রুত বাইরে নিয়ে যান।

নির্বাচন কমিশনের লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, বৃদ্ধের বার্ধক্যজনিত সমস্যা ছিল। প্রবল গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে আমতা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কমিশনের দাবি, বুথে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর কোনও জওয়ান তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেননি বা ধাক্কাও দেননি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমাজমাধ্যমে পোস্টের স্ক্রিনশট তুলে ধরে কমিশন সেটিকে ‘মিসইনফরমেশন’ বা ‘ভুয়ো’ হিসেবে চিহ্নিত করেছে। কমিশনের বক্তব্য, ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত না করে মানবিকতা বজায় রাখা প্রয়োজন।

অন্য দিকে, ঘটনার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন যে কেন্দ্রীয় বাহিনী বৃদ্ধ ও তাঁর পুত্রের সঙ্গে দুর্ব্যবহার করে এবং ধাক্কা দেয়, যার ফলেই তিনি পড়ে যান। তিনি এই ঘটনাকে ২০২১ সালের শীতলকুচির ঘটনার সঙ্গে তুলনা করে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনা করেন।

ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই কমিশনের এই ভিডিয়ো ও বিবৃতি নতুন করে বিতর্ককে উসকে দিয়েছে।


Share