Election Commission

ভবানীপুরের শেখাওয়াত স্কুলে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায় কী করেছেন! পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পৌঁছোল নির্বাচন কমিশনে

নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট স্ট্রংরুমে যেতে পারেন সে নিয়ম মেনেই মমতার এই উপস্থিতি বলে কমিশনের সূত্রে জানানো হয়েছে। যদিও তাঁর সেখানে থাকার সময়কার সমস্ত ঘটনাই রিপোর্টে নথিভুক্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৫:৪৯

শেখাওয়াত মেমোরিয়াল স্কুলে ঘটে যাওয়া ঘটনাকে ঘিরে এ বার নির্বাচন কমিশনের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠালেন কলকাতা দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে সেখানে কী ঘটেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে কী কী পদক্ষেপ নিয়েছেন, তার পূর্ণ বিবরণই ওই রিপোর্টে তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিজের কেন্দ্র ভবানীপুরের স্ট্রং-রুম পরিদর্শনে শেখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছোন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় চার ঘণ্টা সেখানে অবস্থান করেন তিনি। নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রার্থী বা তাঁর নির্বাচনী এজেন্ট স্ট্রং-রুমে যেতে পারেন সে নিয়ম মেনেই মমতার এই উপস্থিতি বলে কমিশনের সূত্রে জানানো হয়েছে। যদিও তাঁর সেখানে থাকার সময়কার সমস্ত ঘটনাই রিপোর্টে নথিভুক্ত করা হয়েছে।

ঘটনা প্রসঙ্গে মমতার দাবি, তিনি নিজে স্ট্রং-রুম পাহারা দিয়েছেন। পাশাপাশি, সেখান থেকে বেরিয়ে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, মানুষের ভোট লুটের চেষ্টা হলে তিনি ‘জান দিয়ে’ প্রতিরোধ করবেন।

উল্লেখ্য, ওই সময় স্ট্রং-রুমে শুধু মমতা নন, উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট তথা আইনজীবী সূর্যনীল দাসও। শুভেন্দু অধিকারী নিজেই সেই ছবি সমাজমাধ্যমে শেয়ার করে দাবি করেন, মমতা যতক্ষণ সেখানে ছিলেন, ততক্ষণ তাঁর দলের এজেন্ট সূর্যনীলও উপস্থিত ছিলেন। সেখান থেকে কড়া নজরদারি চালিয়েছেন।

শুভেন্দুর পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, একটি করিডরের এক পাশে চেয়ারে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাঁর ঠিক বিপরীতে বসে রয়েছেন বিজেপির নির্বাচনী এজেন্ট সূর্যনীল দাস।

গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে, আর ফল ঘোষণা হবে ৪ মে। এ বারের বিধানসভা নির্বাচনের শুরু থেকেই ভবানীপুর কেন্দ্রটি বিশেষভাবে আলোচনায় রয়েছে। কারণ, এই আসনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। ফলে ভবানীপুরের ফলাফল ঘিরে গোটা রাজ্যজুড়ে আগ্রহ ও কৌতূহল ক্রমশ বাড়ছে।


Share