Assembly Election

প্রথম দফায় তৃণমূল ১০০ আসন ছাড়িয়ে যাবে, শাহের পাল্টা দিলেন অভিষেক

জনসভা থেকে তৃণমূল সাংসদ আরও জানান, চার তারিখের পর বিজেপিকে এমনভাবে নির্মূল করতে হবে যেন ডোমজুড় ও জগৎবল্লভপুরে বিজেপির পতাকা ধরার জন্য কেউ না থাকে।

হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, হাওড়া
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৮:০৯

প্রথম দফার নির্বাচন মিটতেই শুক্রবার সকালেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, প্রথম নির্বাচনেই বিজেপি ১১০টি আসনে জিততে চলেছে বিজেপি। এই মন্তব্যের পাল্টা কটাক্ষ করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাওড়ার জগৎবল্লভপুরের সভা থেকে অভিষেক বললেন, ‘প্রথম দফায় তৃণমূল কংগ্রেস সেঞ্চুরি পেরিয়ে গিয়েছে।’ এছাড়া, বিজেপির দু'ই প্রার্থীকে আবর্জনা বলে মন্তব্য করেছেন সাংসদ।

দ্বিতীয় দফায় মোট ১৪২টি বিধানসভা আসনে ভোট রয়েছে আগামী ২৯ এপ্রিল। এ দিন হাওড়ার জগৎবল্লভপুরের তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায় এবং ডোমজুড় আসনের প্রার্থী তাপস মাইতির সমর্থনে প্রচার যান অভিষেক। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘আমি রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করি না, যখন করি, তখন মেলে। আমি বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে গিয়েছে।’

এর পরেই বিজেপির প্রার্থীদের আক্রমণ করেন অভিষেক। বিজেপির জগৎবল্লভপুর-এর প্রার্থী অনুপম ঘোষকে আক্রমণ করতে অভিষেক বলেন, "ওর কাছ থেকে চার বছর আগে বেআইনি অস্ত্র পাওয়া গিয়েছিল। তারপর ২০২১ সালে বিজেপিতে যোগ দিয়েছে।" পাশাপাশি ডোমজুড়ের প্রার্থীকেও কটাক্ষ করেন তৃণমূল নেতা। তিনি জানান, দীর্ঘদিন ধরে তৃণমূলই ছিল। দুর্নীতির খবর আমরা পেয়েছিলাম। বুঝে গিয়েছিল দল থেকে ওকে তাড়িয়ে দেওয়া হবে। বিজেপিতে যোগ দিয়েছে। 

এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে অভিষেক। তার কথায় ‘যাঁরা বলেছিলেন ২৩ তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবেন, ২৯ তারিখ বাঙালিকে ঘরে ঢুকিয়ে দেবেন, বাংলা যেটা আমার জন্মভূমি ও কর্মভূমি, সেই মাটিতে গুজরাটের গুন্ডারা এসে বলছেন উল্টো ঝুলিয়ে সিধে করে দেব। আমি শুধু বলেছি, আপনি ঠান্ডা জল খান। আমি অনুরোধ করেছি, ৪ তারিখ বাংলায় থাকবেন, দেখা হবে।’

জনসভা থেকে তৃণমূল সাংসদ আরও জানান, চার তারিখের পর বিজেপিকে এমনভাবে নির্মূল করতে হবে যেন ডোমজুড় ও জগৎবল্লভপুরে বিজেপির পতাকা ধরার জন্য কেউ না থাকে। 

উল্লেখ্য, গত কয়েক বছরের নির্বাচনে ভোট পরিচালনা ও পর্যবেক্ষণের জন্য পৃথক কন্ট্রোল রুম খোলা হয়। অভিষেক বৃহস্পতিবারই জানিয়েছিলেন, তিনি বুধবার রাত তিনটে পর্যন্ত ১৬টি জেলার ভোটের পর্যবেক্ষণে ছিলেন। এর পরে সকাল থেকেই কন্ট্রোল রুমে প্রথম দফার ভোটের উপরে নির্বাচনে নজর রাখেন। এর পরে বৃহস্পতিবারের সভা থেকেই অভিষেক বলেছিলেন, ‘প্রথম দফার নির্বাচনে ওদের দফারফা হয়ে গিয়েছে।’


Share