Mamata Banerjee

ভবানীপুর থেকেই ভোটযুদ্ধের দামামা, অহীন্দ্র মঞ্চে কর্মীদের রণকৌশল জানাবেন মমতা

এ বার ভবানীপুর কেন্দ্র রাজ্যের অন্যতম হাইভোল্টেজ আসন হিসেবে উঠে এসেছে। একদিকে প্রার্থী হিসেবে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০৯:০৭

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে পূর্ণ শক্তিতে প্রচারে নামছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যা ৭টায় চেতলার অহীন্দ্র মঞ্চে একটি গুরুত্বপূর্ণ কর্মীসভার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী। নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থেকেই নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সুর বাঁধতে চলেছেন তিনি। সভায় উপস্থিত থাকার কথা রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং ভবানীপুর এলাকার দলীয় কাউন্সিলরদের।

এ বার ভবানীপুর কেন্দ্র রাজ্যের অন্যতম হাইভোল্টেজ আসন হিসেবে উঠে এসেছে। একদিকে প্রার্থী হিসেবে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। দলীয় সূত্রে খবর, রবিবারের বৈঠকে বুথভিত্তিক সংগঠন আরও মজবুত করতে কর্মীদের জন্য নির্দিষ্ট রণকৌশল জানাতে পারেন তৃণমূল নেত্রী।

দলীয় মহলের দাবি, ভবানীপুর কেন্দ্রের প্রায় ৪৫ হাজার ভোটারের নাম ‘এসআইআর’ তালিকা থেকে বাদ পড়েছে। এই বিষয়টিকেই সামনে রেখে প্রচারের কৌশল নির্ধারণ হতে পারে। ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুব্রত বক্সী স্থানীয় নেতৃত্বকে ‘দুয়ারে জনসংযোগ’ জোরদার করার নির্দেশ দিয়েছেন। প্রয়োজনে এক একটি বাড়িতে বারবার গিয়ে যোগাযোগ বাড়ানোর পরামর্শও দেওয়া হয়েছে। বিরোধীদের প্ররোচনায় না জড়িয়ে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার উপরই জোর থাকছে।

রবিবারের এই ঘরোয়া বৈঠকের পর সোমবার থেকেই জেলার পর জেলায় ঝড়ো প্রচারে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রার্থী হওয়া ঘোষণার পর থেকেই ভবানীপুরে শোনা যাচ্ছে ‘উন্নয়ন ঘরে ঘরে/ ঘরের মেয়ে ভবানীপুরে’ স্লোগান। এখন রাজনৈতিক মহলের নজর, এই কর্মীসভা থেকে তিনি কী নতুন বার্তা বা কৌশল দেন।


Share