Cash Seized

আচরণবিধি জারির পর কড়া নজরদারি, নিউ টাউনে ২৫ লক্ষ টাকা-সহ ধৃত গুজরাটের বাসিন্দা

একটি অ্যাপ-ক্যাব থামিয়ে তল্লাশি চালানো হয়। সেই গাড়ি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন সুরেশ ঠাকুর, যিনি গুজরাটের বাসিন্দা। নগদ টাকার উৎস সংক্রান্ত কোনও বৈধ নথি দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, নিউ টাউন
  • শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০২:৫২

বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় নাকা তল্লাশি জোরদার করেছে পুলিশ। সেই অভিযানের মধ্যেই শুক্রবার সকালে নিউ টাউনের সিটি সেন্টারের কাছে একটি গাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট গোয়েন্দারা ইকো পার্ক থানার পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। একটি অ্যাপ-ক্যাব থামিয়ে তল্লাশি চালানো হয়। সেই গাড়ি থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি চালাচ্ছিলেন সুরেশ ঠাকুর, যিনি গুজরাটের বাসিন্দা। নগদ টাকার উৎস সংক্রান্ত কোনও বৈধ নথি দেখাতে না পারায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগেও আলিপুরদুয়ার জেলায় নাকা তল্লাশির সময় বিপুল নগদ অর্থ উদ্ধার হয়েছিল। আসামের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি সন্দেহজনক মনে হওয়ায় সেটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। গাড়ি থেকে ১০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিল মিলিয়ে মোট দু'লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় সেখানেও চালককে গ্রেফতার করা হয়েছিল।

উল্লেখ্য, গত ১৫ মার্চ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার পর থেকেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়েছে। নির্বাচনকালীন নির্দেশিকা অনুযায়ী, ৫০ হাজার টাকার বেশি নগদ অর্থ বা ১০ হাজার টাকার বেশি মূল্যের সামগ্রী বহন করলে তার বৈধ উৎসের প্রমাণ সঙ্গে রাখতে হয়। তা না হলে পুলিশ সেই অর্থ বা সামগ্রী বাজেয়াপ্ত করতে পারে।


Share