RG Kar Hospital

টেনে-হিঁচড়ে এক তলা থেকে পাঁচ তলায়! আরজি কর মেডিকেলে চিকিৎসা করাতে এসে লিফটে আটকে মৃত্যু ব‍্যক্তির, গুরুতর জখম চার বছরের শিশু, তদন্তের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের

হাসপাতাল সূত্রের খবর, লিফটে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্মীদের একাংশের দাবি, লিফট রয়েছে কিন্তু তার নিয়মিত পরিচর্যা করা হয় না।

এই লিফটেই ঘটনাটি ঘটেছে
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ১১:৩৮

আরজি করে হাসপাতালে লিফটে আটকে পড়ে মৃত্যু হল ব্যক্তির। চার বছরের বাচ্চাকে সঙ্গে নিয়ে ওই ব‍্যক্তি চিকিৎসা করাতে এসেছিলেন। সেখানকার ট্রমা কেয়ার বিল্ডিং-এ লিফটে আটকে পড়েন। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ উঠেছে।

মৃতের নাম অরূপ বন্দ্যোপাধ্যায়। বয়স ৪০ বয়সী অরূপ নাগেরবাজারের বাসিন্দা। গতকাল রাত ৮টার সময় শিশুর পা ভেঙে যাওয়ার কারণে চিকিৎসা করাতে আরজি কর মেডিকেলে আসেন। প্রাথমিক চিকিৎসার পরে অস্ত্রোপচারের জন্য ট্রমা কেয়ারে অপারেশন বিল্ডিং-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর পরিজনদের সাহায্যে নীচে নেমে আসেন।

এ দিন ভোররাতে ৪টে ৫ মিনিটে পুনরায় অস্ত্রোপচারের কারণে ওপরে ওঠার সময় ঘটনাটি ঘটেছে। চার বছরের সন্তান ও স্ত্রীকে সঙ্গে নিয়ে পাঁচ তলায় ওঠার জন‍্য লিফট ডাকেন। সেই লিফটেও ওঠেন। কিন্তু লিফট পাঁচ তলায় না গিয়ে বেসমেন্টে চলে যায়। অরূপবাবু সেই সময় মনে করেছিলেন, পাঁচ তলা এসে গিয়েছে। শিশুটিকে নিয়ে তিনি নামেন। ভুল জায়গায় চলে এসেছেন দেখে ফের ওটার চেষ্টা করেন। সেই সময় ঘটে বিপত্তি ঘটে। শিশু-সহ অরূপবাবু লিফটের দরজায় আটকে যান। শিশুটিকে কোনও রকমে ধাক্কা দিয়ে লিফটের কিছুটা ভিতরে ঢুকিয়ে দিতে পারলেও অরূপবাবু আটকে পড়েন। সেই অবস্থায় তাঁকে টানতে টানতে পাঁচ তলা পর্যন্ত নিয়ে গিয়ে লিফট থেমে যায়।

উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী পৌঁছোয়। তাঁরা মৃতদেহ উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে অরূপ বন্দ্যোপাধ্যায়কে মৃত বলে ঘোষণা করে। পরে পৌঁছোয় টালা থানার পুলিশ। ঘটনায় চার বছরের শিশুপুত্র গুরুতর জখম হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে টালা থানায় অভিযোগ দায়ের হয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রের খবর, লিফটে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্মীদের একাংশের দাবি, লিফট রয়েছে কিন্তু তার নিয়মিত পরিচর্যা করা হয় না। ঘটনায় আরজি কর মেডিকেলের এমএসভিপি বলেন, “খবর পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে পিডব্লুডি-র আধিকারিকে তা পরীক্ষা করছেন। রিপোর্ট এলেই ব‍্যবস্থা নেওয়া হবে।”


Share