Dengue

ডেঙ্গিতে এক ব্যক্তির মৃত্যু দুর্গাপুরে, পুর পরিষেবা নিয়ে শুরু রাজনৈতিক তরজা

এই মৃত্যু ঘিরে পুর পরিষেবা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও পুরসভার দাবি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নজরদারি চলছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ০৪:৩৪

ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। তিনি দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ-জোন এলাকার বাসিন্দা। মৃতের নাম মনোজ দাস (৪৫)। ১৫ মার্চ, রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। যদিও বিষয়টি বৃহস্পতিবার সামনে আসে। যখন দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের কর্মীরা তাঁর বাড়িতে পৌঁছোন। এরপর এলাকায় মশা দমনের জন্য স্প্রে করা হয়। আশপাশের বাসিন্দাদের স্বাস্থ্য সম্পর্কিত খোঁজখবরও নেওয়া হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, মনোজ পানাগরের একটি ওষুধের দোকানে কাজ করতেন। সেখান থেকেই জ্বর নিয়ে কয়েকদিন আগে তিনি বাড়ি ফেরেন। প্রথমে বাড়িতেই চিকিৎসা চলছিল। পরে অবস্থার অবনতি হলে তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হয়নি। মৃতের বোন সবিতা জানান, শুরুতে হাসপাতালে ভর্তি করা হয়নি। পরে অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভোটের আবহে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি বিধায়ক তথা দুর্গাপুর পশ্চিমের প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের অভিযোগ, পুরসভায় দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব রয়েছে। তার জেরে মশার উপদ্রব বেড়ে ডেঙ্গির মতো রোগ ছড়াচ্ছে। অন্যদিকে, এই অভিযোগ খারিজ করেছেন পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়। তাঁর দাবি, মৃত ব্যক্তি চিকিৎসা নিতে অনীহা দেখিয়েছিলেন, পরে জোর করে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা অনেকটাই কম। পুরসভার পক্ষ থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ও নজরদারি চালানো হচ্ছে। ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।


Share