Assembly Election

স্লো কাউন্টিংয়ের দাবি তুলে গণনার মাঝে হঠাৎ গণনাকেন্দ্র পরিদর্শন মমতার, এরপর লোকভবন যেতে পারেন তিনি

বিকেলে কেন্দ্রে তাঁর উপস্থিতির সময় কিছুটা উত্তেজনা তৈরি হয়, বিজেপি সমর্থকদের স্লোগানে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে।

মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০৬:২১

সোমবার রাজ্যে সকাল থেকেই ভোট গণনা চলছে। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে হঠাৎই শেখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছে যান। যেখানে তাঁর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা চলছিল। এর আগে দুপুরে গণনার প্রাথমিক ট্রেন্ড সামনে আসে। তারপর তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন যে ভোটগণনার প্রক্রিয়া ধীরগতিতে চলছে। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন সব কেন্দ্রের ট্রেন্ড একসঙ্গে প্রকাশ করছে না। এমনকি সূর্যাস্তের পর ফলাফলে বড় পরিবর্তন আসতে পারে বলে তিনি আশ্বস্ত করেন। দলের কর্মী-সমর্থক এবং প্রার্থীদের এজেন্টদের তিনি স্পষ্ট নির্দেশ দেন, কোনও ভাবেই যেন গণনাকেন্দ্র ছেড়ে না যান।

এরপর বিকেল সাড়ে তিনটা নাগাদ আচমকাই বিদায়ী মুখ্যমন্ত্রী গণনাকেন্দ্রে পৌঁছে যান। সেখানে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি সমর্থকেরা ‍’চোর চোর’ স্লোগান দিতে শুরু করে। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় ।

সূত্রের খবর, গণনাকেন্দ্র থেকে তিনি লোকভবনের উদ্দেশে রওনা দেন। যদিও শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পৌঁছানোর পর সংবাদমাধ্যমের সামনে তিনি কোনও মন্তব্য করেননি।

এদিকে বিকেল চারটে পর্যন্ত পাওয়া ট্রেন্ড অনুযায়ী, বিজেপি ২০৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে ৮৫টি আসনে। কংগ্রেস এবং এজেইউপি—দুই দলই ২টি করে আসনে এগিয়ে রয়েছে। সিপিএম এবং আইএসএফ একটি করে আসনে লিড ধরে রেখেছে।

সামগ্রিকভাবে, ভোটগণনার এই পর্যায়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বেশ টানটান। শেষ ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে সব পক্ষই।


Share