Assembly Election

বিজেপি ঝড়ে বিপর্যস্ত তৃণমূল, কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বললেন, ‘ধৈর্য্য ধরুন’

রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “ওনার কথার আর কোনও গ্রহণযোগ্যতা নেই। কোনও প্রতিষ্ঠা নেই। পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার পর থেকে যদি ইতিহাস লেখা হয়, তাহলে সবচেয়ে কালো অধ্যায় এটাকেই লেখা হবে।”

বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৪ মে ২০২৬ ০২:৪৮

বিজেপি ঝড়ে কার্যত বিপর্যস্ত তৃণমূল কংগ্রেস। মমতা-অভিষেকের হুঙ্কার-গর্জন কার্যত কাজেই এল না ভোট রসায়নে। তার পরেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের গণনা এজেন্টদের ধৈর্য্য ধরতে বললেন। পাশাপাশি, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন। যদিও বিজেপির দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার আর কোনও গুরুত্ব নেই। ১৫ বছরের অপশাসনের জবাব রাজ্যের মানুষ দিয়েছে।

দুপুর ২টো পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে ১৯৪টি আসনে। তৃণমূল ১০০-র গণ্ডি এখনও ছুঁতে পারেনি। আটকে পড়েছে ৯৫-তে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, “এটা বিজেপির পরিকল্পনা। ইচ্ছে করে নির্বাচন কমিশন বিজেপিরগুলি এগিয়ে দেখাচ্ছে। ১০০টি জায়গায় গণনা বন্ধ করে দিয়েছে।”

তৃণমূল নেত্রীর আরও অভিযোগ করে বলেন, “কল‍্যাণীতে সাতটি ইভিএম মেশিন ধরা পড়েছে, যার কোনও মিল নেই। এটা জোর করে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তৃণমূলের ওপর অত্যাচার করছে। অফিস ভাঙচুর করছে। এসআইআরের নামে ভোটলুঠ করেছে। যাতে আসনগুলি জিততে পারে। এমন ৭০-১০০টি আসন আছে যেখানে আমরা জিততে পারি। সম্পূর্ণটাই মিথ্যা খবর খাওয়ানো হচ্ছে।”

তৃণমূল নেত্রী এ-ও বলেন, “আমি কালকে থেকেই বলছি, ওদেরগুলি আগে দেখাবে। আমাদেরগুলি পরে দেখাবে। কোনও প্রার্থী এবং কাউন্টিং এজেন্টরা কক্ষ ছেড়ে আসবেন না। স্ট্রং-রুমের যেখানে গণনা হচ্ছে তা ছেড়ে আসবেন না। দলীয় কর্মীদের বলব, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সুর্যাস্ত গেলেও আমরা জিতব। এখনও পর্যন্ত ১৮ পর্যন্ত গণনা হবে। তখন আপনারা জিতবেন। ওয়েট অ‍্যান্ড ওয়াচ।”

রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “ওনার কথার আর কোনও গ্রহণযোগ্যতা নেই। কোনও প্রতিষ্ঠা নেই। পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার পর থেকে যদি ইতিহাস লেখা হয়, তাহলে সবচেয়ে কালো অধ্যায় এটাকেই লেখা হবে।”


Share