Assembly Election

রাজ্যের পালাবদল হতেই একের পর এক তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করল স্থানীয়েরা, হুগলিতে দখল করা পার্টি অফিস ফেরত দিল বিজেপি

বিজেপির যুব নেতা রাজিব ঘরামী জানান, কিছু কর্মী আবেগের বশে এই ধরনের কাজ করা হচ্ছে। এতে ভবিষ্যতে বিজেপিরই ভাবমূর্তি নষ্ট হবে। যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা গিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করছি।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, হুগলি
  • শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ০৪:২৩

সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। দীর্ঘ ১৫ বছর পর তৃণমূল সরকারের অবসান ঘটেছে। বিজেপির ঝড়ে খড়কুটো মতো উড়ে গিয়েছে তৃণমূল। তৃণমূলের সিটের সংখ্যা কার্যত দুই সংখ্যায় নেমে এসেছে। পালাবদলের পর বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও বিক্ষিপ্ত অশান্তির ঘটনার সামনে এসেছে। হুগলিতেও তৃণমূলের একাধিক অফিসে স্থানীয়েরা ভাঙচুর চালিয়েছে। দখলও করা হয়েছে বলে দাবি করেছে তৃণমূল। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।

জানা গিয়েছে, পালাবদল হতেই চুঁচুড়ার কার্পাসডাঙা ও রবীন্দ্র নগরের তৃণমূলের একটি কার্যালয়ে স্থানীয়েরা ভাঙচুর করে। তৃণমূলের দাবি, সোমবার রাতেই তৃণমূলের অফিসে গিয়ে বিজেপি প্রার্থীর ব্যানার ও পতাকা টাঙিয়ে দেওয়া হয়। যদিও, বিরোধী দলের কোন দলীয় কার্যালয় দখল করা যাবে না এমনই নির্দেশিকা জারি করেছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। 

পাশাপাশি, বাঁশবেড়িয়াতেও ১৭ ও ২২ নম্বর ওয়ার্ডে একই অভিযোগ উঠেছে। ভদ্রেশ্বরেও অশান্তির ঘটনা ঘটেছে। চুঁচুড়া বড়বাজারে একটি ক্লাবের দখল নিতে চলে যায় কয়েক জন বিজেপির অতি উৎসাহী সমর্থক। যদিও স্থানীয় বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ক্লাবে তালা দিয়ে নিজস্ব কর্মীদের সংযত হওয়ার কথা বলেন। পাশাপাশি ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের দখল হয়ে যাওয়া দলীয় কার্যালয় তিনি ফিরিয়ে দেওয়ারও ব্যবস্থা করেন। 

বিজেপির রাজিব ঘরামী জানান, কিছু কর্মী আবেগের বশে এসে এই ধরনের কাজ করা হচ্ছে। এতে ভবিষ্যতে বিজেপিরই ভাবমূর্তি নষ্ট হবে। যেখানে যেখানে খবর পাচ্ছি আমরা গিয়ে সমস্যা মেটানোর চেষ্টা করছি।

তৃনমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার দাবি, “ক্ষমতা চিরস্থায়ী নয়। কোথাও তৃণমূলের পার্টি অফিস দখল করছে হুমকি দেওয়া হচ্ছে এগুলো বিজেপি  ঠিক করছে না। আমি কয়েক জন বিজেপি নেতার সাথে কথা বলে এগুলো করতে বারণ করেছি। পুলিশকেও বলেছি। পুলিশ তার কর্তব্য পালন করবে।”


Share