Special Intensive Revision

অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত হল ট্রাইবুনাল, তালিকায় প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞনম, ২৩ জেলায় ১৯ জন বিচারপতির কাছে জানানো যাবে আবেদন

অতিরিক্ত তালিকা বেরোনোর পরে যাঁদের নাম বাদ চলে যাবে তাঁরা ‘ইসিআই নেট’ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়াও, জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে গিয়েও তাঁরা আবেদন করতে পারবেন। ২৩ লক্ষের কাছাকাছি নথির নিস্পত্তি হয়েছে।অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আগে ট্রাইবুনাল তৈরি করে দিল হাই কোর্ট।

ট্রাইবুনাল গঠন করল কলকাতা হাই কোর্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ০১:২৪

রাজ‍্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর নথি নিস্পত্তি করছেন বিচারবিভাগীয় আধিকারিকেরা। অতিরিক্ত তালিকা বেরোনোর পরে যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা এই ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন।

৬৩ লক্ষের বেশি ভোটারের নথি নিয়ে ইআরও বা এইআরও-রা কমিশনের সঙ্গে একমত না হওয়ায় নথি নিস্পত্তি করা যায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশে দায়িত্ব যায় কলকাতা হাই কোর্টের ওপর। রাজ‍্য সরকারের ওপর অসন্তুষ্ট হয়ে সংবিধানের ১৪২ ধারা জারি করে সুপ্রিম কোর্ট। কলকাতা হাই কোর্ট ৫৩২ জন বিচারবিভাগীয় আধিকারিকের নথি নিস্পত্তির দায়িত্ব দেয়। কাজে গতি আনতে ভিনরাজ‍্য থেকেও দু’শো জন বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করা হয়।

সুপ্রিম কোর্ট জানিয়েছিল, নথি নিস্পত্তি হয়ে গেলে যে তালিকা প্রকাশিত হবে, সেখানে যদি কারো নাম বাদ পড়ে যায়, তাঁরা ট্রাইবুনালে আবেদন করবেন। সেই ট্রাইবুনাল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল গঠন করেছেন। কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রয়েছেন তালিকায়। তাঁকে কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়াও, উত্তর ২৪ পরগনার বিধানসভা ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। বিচারক প্রদীপ্ত রায়কেও উত্তর ২৪ পরগনার জেলার বিধানসভা ভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারপতি রঞ্জিতকুমার বাগকে দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুকে মুর্শিদাবাদের বিধানসভা ভাগ করে দেওয়া হয়েছে। ওই জেলার বাকি বিধানসভার দায়িত্বে রাখা হয়েছে প্রাক্তন বিচারক ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়কে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারের দায়িত্ব প্রাক্তন বিচারক দীপক সাহা রায়কে দেওয়া হয়েছে।

অন‍্যদিকে, প্রাক্তন বিচারক দেবপ্রসাদ দে-কে উত্তর দিনাজপুরের দায়িত্ব দেওয়া। প্রাক্তন বিচারক সমাপ্তি চট্টোপাধ্যায়কে হুগলির দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের দায়িত্ব প্রাক্তন বিচারক তপন সেনকে দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারক প্রণবকুমার দে-কে কোচবিহারের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারক প্রভাতকুমার দে-কে পূর্ব বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে। নদিয়ার দায়িত্বে এসেছেন প্রাক্তন বিচারক রঘুনাথ রায়কে। প্রাক্তন বিচারক অশোককুমার দাস অধিকারীকে হাওড়ার দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, প্রাক্তন বিচারক অনিন্দিতা রায় সরস্বতীকে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারক তফিক উদ্দিনকে দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারক মহম্মদ মোমতাজ খানকে পুরুলিয়া এবং বাঁকুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারক মির দারা শেকো-কে পশ্চিম বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন বিচারক সিদ্ধার্থ রায়চৌধুরীকে মালদহের দায়িত্বে আনা হয়েছে। প্রাক্তন বিচারক মনোজিৎ মন্ডলকে বীরভূমের দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিশন এ-ও জানিয়েছে, অতিরিক্ত তালিকা বেরোনোর পরে যাঁদের নাম বাদ চলে যাবে তাঁরা ‘ইসিআই নেট’ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ ছাড়াও, জেলাশাসক বা মহকুমাশাসকের দফতরে গিয়েও তাঁরা আবেদন করতে পারবেন। ২৩ লক্ষের কাছাকাছি নথির নিস্পত্তি হয়েছে।অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশের আগে ট্রাইবুনাল তৈরি করে দিল হাই কোর্ট।


Share