Fire Incident

দুর্গাপুরের প্রভাবশালী ব‍্যবসায়ীর রেস্তোরাঁয় আগুন, আতঙ্কের ছোটাছুটি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল দমকল

বিজেপির দাবি, রেস্তোরাঁটি দুর্গাপুরের এক প্রভাবশালী ব্যবসায়ীর। তিনি এ বারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটও পেয়েছেন। বিজেপির এক নেতা জানান, তৃণমূল করলে আইন মানার কোনও প্রয়োজন হয় না। তাই সেখানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০৪:১৪

সাতসকালে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড। বুধবার সকাল বেলা আশেপাশের পথচারীরা রেস্তোরাঁর একটি ফ্লোর থেকে আগুন বেরাতে দেখে। ক্রমেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পুলিশ সূত্রের খবর, ওই রেস্তোরাঁর রান্নাঘরের চিমনিতে আচমকাই আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আশেপাশে দোকানদার এবং বাসিন্দারা ছুটে আসেন। এরপর দমকলকে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গিয়েছে, দমকল বাহিনীর আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, ওই রেঁস্তোরায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না। এর আগে প্রশাসনকে বারংবার বলা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি। 

Share