Encounter

জেল পরিবর্তন করার সময় রাইফেল ছিনতাই করে পালানোর চেষ্টা, পুলিশের এনকাউন্টারে খতম গ‍্যাংস্টার সুজিত সিংহ

পুলিশ আরও জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে সুজিত সিংহকে সাহেবগঞ্জ থেকে ধানবাদের জেলে স্থানান্তর করা হচ্ছিল। এর আগে ১৫ বার জেলের ঠিকানা পরিবর্তন করা হয়েছিল। এটা ছিল ১৬তম।

ঝাড়খন্ডের গ‍্যাংস্টার সুজিত সিংহ।
নিজস্ব সংবাদদাতা, রাঁচী
  • শেষ আপডেট: ০৪ আগস্ট ২০২৬ ০১:৪৬

ঝাড়খণ্ডের গ্যাংস্টার সুজিত সিংহ পুলিশের এনকাউন্টারে খতম। রবিবার গভীর রাতে জেল পরিবর্তন করার সময় পালানোর চেষ্টা করছিল বলে দাবি করেছে পুলিশ। আইন অনুযায়ী, ঘটনার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, সুজিত সিংহকে সাহেবগঞ্জের জেলে রাখা হয়েছিল। জেল পরিবর্তন করতে সুজিতকে নিয়ে ধানবাদের জেলে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই মতো রবিবার রাতে চারটি গাড়ির কনভয় ধানবাদের উদ্দেশ্যে রওনা দেয়। এরই মাঝে সাহিবগঞ্জ-গোবিন্দপুর জাতীয় সড়কের জামতারা থানার এলাকায় সুপাইদিহ গ্রামের কাছে কনভয়ে থাকা একটি গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। এরপরে তাকে অন্য একটি গাড়িতে তোলা হয়। সেই সময় গ‍্যাংস্টার সুজিত শৌচাকর্ম করার জন‍্য পুলিশের কাছে অনুমতি চায়।

অভিযোগ, গাড়ি থেকে নামানোর পর সুজিত সিংহ এক নিরাপত্তারক্ষীর রাইফেল ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। শুধু তাই নয়, পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গুলিও চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তিনি গুরুতর জখম হয়। তবে সুজিতকে বাঁচানো যায়নি। ঘটনাস্থলে চিকিৎসকেরা পৌঁছে তাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন‍্য পাঠানো হয়েছে।

খবর পেয়ে জামতারার পুলিশ সুপার শম্ভুকুমার সিংহ-সহ উচ্চপদস্থ পুলিশকর্তারা ঘটনাস্থলে পৌঁছোন।  কীভাবে ঘটনা ঘটল তা নিয়ে খোঁজখবর নেন। পুলিশ সুপার শম্ভুকুমার সিংহ বলেন, “অভিযুক্ত এক পুলিশকর্মী রাইফেল ছিনিয়ে নিয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হয়। সমস্ত আইনি প্রক্রিয়া মেনেই তদন্ত চলছে।”

যদিও পুলিশ জানিয়েছে, ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে। ময়নাতদন্তের সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হবে। এ ছাড়া, রাঁচী থেকে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দল ঘটনাস্থল পরীক্ষা করেছে। আইন অনুযায়ী, এই ঘটনায় তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে।

পুলিশের নথি অনুযায়ী, সুজিত সিংহ ঝাড়খণ্ডের গ‍্যাংস্টার ছিল। একাধিক অপরাধে তাঁর নাম জড়িয়েছে। সুদিতের বিরুদ্ধে তোলাবাজি, খুন, খুনের চেষ্টা, অবৈধ অস্ত্র পাচার-সহ একাধিক গুরুতর মামলা ছিল। তদন্তকারীদের দাবি, অপরাধ জগতে নিজের প্রভাব বজায় রাখতে সুজিত সময়ে সময়ে বিভিন্ন গ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়েছিল।

পুলিশ আরও জানিয়েছে, কড়া নিরাপত্তার মধ্যে সুজিত সিংহকে সাহেবগঞ্জ থেকে ধানবাদের জেলে স্থানান্তর করা হচ্ছিল। এর আগে ১৫ বার জেলের ঠিকানা পরিবর্তন করা হয়েছিল। এটা ছিল ১৬তম।


Share