Land Scam

বালিগঞ্জে শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে চলছে ইডির তল্লাশি! জমি দখল মামলায় বেহালার বাড়িতেও পৌঁছে গিয়েছেন তদন্তকারীরা

এর আগেও শান্তনু সিংহ বিশ্বাসকে কয়লাচুরি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। কলকাতা হাই কোর্টের মামলা করেছেন। আগামী ২১ এপ্রিল বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাস।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১১:৫৩

জমি দখলে বেআইনি আর্থিক লেনদেনের তদন্তে এ বার কলকাতা পুলিশের এক প্রভাবশালী ডেপুটি কমিশনারের বাড়িতে পৌঁছে গেল ইডির আধিকারিকেরা। রবিবার ভোর থেকে কলকাতায় তিনটি জায়গায় চলছে তল্লাশি অভিযান। পাশাপাশি, বেহালার এক নির্মাণ ব‍্যাবসায়ীর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। 

ভোরবেলা তিনটি দলে ভাগ হয়ে সিজিও কমপ্লেক্স ইডির আধিকারিকেরা থেকে বের হন। একটি দল বালিগঞ্জের ফার্ণ রোডে কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের আবাসনে তল্লাশি জন‍্য গিয়েছে। অপর একটি দল ডেপুটি কমিশনার শান্তনুর আরেকটি আবাসনে পৌঁছে গিয়ে তল্লাশি চালাচ্ছে। ইডি সূত্রের খবর, শান্তনু দু’টি ফ্ল্যাটের মধ্যে একটিতেও তিনি নেই। কয়েক দিন ধরে তিনি বাড়িতেই ফেরেননি। তাই পরিবারের লোকেদের জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকেরা।

অপর একটি দল বেহালার নির্মাণ সংস্থা সান এন্টারপ্রাইজের মালিক জয় কামদারের বাড়িতেও পৌঁছে গিয়েছেন। রবিবার ভোর ৪টে নাগাদ সেখানে তাঁরা পৌঁছে যান। তবে ইডির আধিকারিকেরা জয়ের বাড়িতে ঢুকতে পারেননি। অভিযোগ, ইডির আধিকারিকদের দেখে বাড়ির বাইরে সারমেয় ছেড়ে দেওয়া হয়েছিল। প্রায় ৪০ মিনিট গেটের বাইরে দাঁড়িয়ে ছিলেন ইডির আধিকারিকেরা। তার পরে বাড়িতে তল্লাশি ঢুকে তল্লাশি শুরু করেন।

জমি দখল করে বেআইনি আর্থিক লেনদেন মামলায় এর আগেও রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে দু’বার তলব করেছিল ইডি। কিছু দিন আগে এই মামলাতে মার্লিন গ্রুপের কর্ণধার সুশীল মোহতা এবং সাকেত মোহতাকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অন‍্য দিকে নির্মাণ সংস্থা ডিসি পাল গ্রুপের ডিরেক্টর-সহ একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদ করেছিল। তারও আগে জয় কামড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে এক কোটি ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে। ওই দিনই কসবার তৃণমূল কর্মী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনাপাপ্পুর বাড়িতেও তল্লাশি চলে।

অভিযোগ, জমির নথি জাল করে প্রকল্প করার নামে কোটি কোটি টাকা বাজার থেকে তোলা হয়েছে। সেই টাকা হাওয়ালার মাধ্যমে প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ইডি সূত্রের খবর, জয় কামদারের ব‍্যঙ্ক অ‍্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখা হয়েছে। তা থেকে কিছু সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। তার সূত্র ধরেই কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতে পৌঁছে গিয়েছে ইডির আধিকারিকেরা।

এর আগেও শান্তনু সিংহ বিশ্বাসকে কয়লাচুরি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু তিনি হাজিরা দেননি। গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন। আগামী ২১ এপ্রিল বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। 


Share