Assembly Election

দ্বিতীয় দফার প্রার্থিতালিকা প্রকাশ করল সিপিএম, ৩২ জনের তালিকা, কারা কোন কেন্দ্রে?

৩২টি আসনের মধ্যে একটিতে আরএসপি, তিনটিতে সিপিআই প্রার্থী রয়েছে। বাকিগুলিতে সিপিএম প্রার্থী রয়েছেন। ৩২ জনের মধ্যে ১১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। তিন জন মহিলা প্রার্থী রয়েছেন।

দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৬ ০৮:০৭

প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পর এ বার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। এ দিন মোট ৩২ জন প্রার্থী নাম প্রকাশ করা হয়েছে। সোমবার ১৯২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার আরও ৩২ জনের নাম মিলিয়ে বের হওয়া প্রার্থীদের সংখ্যা নিয়ে দাঁড়াল ২২৪। 

৩২টি আসনের মধ্যে একটিতে আরএসপি, তিনটিতে সিপিআই প্রার্থী রয়েছে। বাকিগুলিতে সিপিএম প্রার্থী রয়েছেন। নন্দীগ্রাম, গোপীবল্লভপুর, আসানসোল উত্তরে রয়েছেন সিপিআই প্রার্থী। কালচিনিতে রয়েছেন আরএসপি প্রার্থী। ৩২ জনের মধ্যে ১১ জন সংখ্যালঘু সম্প্রদায়ের। তিন জন মহিলা প্রার্থী রয়েছেন।

প্রথম দফার প্রার্থী তালিকায় দেখা গিয়েছিল তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণ। এই প্রার্থী তালিকাতেও তার ব্যতিক্রম হয়নি। তবে সৃজন বা শতরূপের মত বেশ কিছু তরুণ নেতৃত্ব এই তালিকা থেকে উধাও। বামেদের এ বারের রাণীনগর থেকে সিপিআইএম প্রার্থী জামাল হোসেন৷ কল্যাণী থেকে প্রার্থী সবুজ দাস। ডায়মন্ড হারবার সমরেন্দ্র নাথ নাইনা।বালিগঞ্জ থেকেও চমক দিয়েছে সিপিএম। সেখানকার প্রার্থী আফরিন বেগম৷ আফরিন বেগমকে প্রথম দেখা গিয়েছিল কমিশনের সর্বদলীয় বৈঠকের দিন। সেদিন থেকেই আফরিন বেগমকে নিয়ে জল্পনা তুঙ্গে ছিল। কুলতলির বাম প্রার্থী অর্চনা বিশ্বাস। 

কালচিনি থেকে আরএসপি নেতা পাসাং শেরপাকে প্রার্থী করা হয়েছে। করণদীঘি থেকে দাঁড়িয়েছেন সিপিএমের মোঃ সাহাবুদ্দিন। হবিবপুর থেকে বাসুদেব বর্মন, চাঁচল থেকে আনোয়ারুল হক, ভগবানগোলা থেকে মাহমদুল হাসান প্রার্থী হয়েছে। 

অন্যদিকে, রানিনগর থেকে জামাল হোসেন, নবগ্রাম থেকে পূর্ণিমা দাস, জলঙ্গির প্রার্থী হয়েছেন ইয়ানুস আলি সরকার, কৃষ্ণনগর উত্তর থেকে অদ্বৈত বিশ্বাস, কৃষ্ণগঞ্জ থেকে অর্চনা বিশ্বাস, কল্যাণীর বাম প্রার্থী সবুজ দাস। 

পাশাপাশি বসিরহাট দক্ষিণের প্রার্থী আইনুল আরেফিন (রাজু আহমেদ), কুলতলির প্রার্থী রামশঙ্কর হালদার, জয়নগরের অপূর্ব প্রামাণিক, বারুইপুর পশ্চিমের বাম প্রার্থী লাহেক আলি, টালিগঞ্জ থেকে বামেদের পার্থপ্রতিম বিশ্বাস, মেটিয়াবুরুজের প্রার্থী মনিরুল ইসলাম।

ভবানীপুর কেন্দ্রে টানা তিন বছর মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়ে এসেছেন। এ বারে নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও দাঁড়িয়েছেন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ভবানীপুর কেন্দ্রে শ্রীজীব বিশ্বাসের উপরে ভরসা রাখছেন বামেরা। 

চাঁপদানিতে বামেদের প্রার্থী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, জাঙ্গিপাড়ায় সুদীপ্ত সরকার, পুরশুড়াতে সন্দীপ কুমার সামন্ত, পাঁশকুড়া পূর্বে ইব্রাহিম আলি, পাঁশকুড়া পশ্চিমে নিরঞ্জন সিহি, নন্দীগ্রামে শান্তি গিরি, খেজুরিতে হিমাংশু দাস, নয়াগ্রামে পুলিনবিহারী বাস্কে, গোপীবল্লভপুরে বিকাশ সারেঙ্গি, মন্তেশ্বরে অনুপম ঘোষ, আসানসোল উত্তরে অখিলেশ কুমার সিং, মুরারইতে মহম্মদ আলি রেজা মণ্ডল।


Share