Assembly Election

নির্দল প্রার্থীর সমর্থনে সভা চলাকালীন হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর, উত্তপ্ত শান্তিপুর

তিনি বলেন, “আমরা শান্তিপুরে কখনোই অশান্তি চাইছি না। কিন্তু শান্তিপুরের মানুষ যেভাবে সক্রিয় ভাবে নির্দলে যোগদান করছেন, তাতেই ভয় পেয়েছে বিজেপি এবং তৃণমূল। সেই কারণে এই ঘটনা ঘটাচ্ছে।”

শান্তিপুরের নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১১:৫৩

বিজেপি বা তৃণমূল নয়। এ বার নির্দল প্রার্থীর সমর্থনে সভা চলাকালীন হামলার অভিযোগ উঠল। নদিয়ার শান্তিপুরে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, সেখানে নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের সমর্থনে পথসভা চলছিল। সেই সময় হামলার ঘটনা ঘটেছে। শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য।

নদিয়ার শান্তিপুর বিধানসভার গভারচর এলাকার ঘটনাটি ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় সেখানে নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্যের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছিল। তখনও নির্দল প্রার্থী অরিন্দম সেখানে পৌঁছোননি। অভিযোগ, সেই সময় একদল মদ‍্যোপ যুবক সেখানে আসে। সভা বন্ধ করার জন্য হুমকি দেয়। তা না করায় গাড়ি ভাঙচুর করা হয় বলে দাবি করেছেন অরিন্দম। 

খবর পেয়ে প্রাক্তন বিজেপি বিধায়ক তথা নির্দল প্রার্থী অরিন্দম ভট্টাচার্য শান্তিপুর থানায় ছুটে যান। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে কথা বলেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, “মদের দোকান খুলে দেওয়া হয়েছে। তার পরেই এই ঘটনা ঘটেছে। আমি পুলিশকে বলেছি, আপনি ওই এলাকাটি চেনেন না। আমি চিনি। আগেও ওই এলাকায় অশান্তি হয়েছে। পুলিশ যদি অনুমতি নেওয়া রাজনৈতিক সভায় যদি সুরক্ষা দিতে পারে তাহলে এটা তাদের চরম ব্যর্থতা।”

অরিন্দমের আরও অভিযোগ, ওই এলাকার বিজেপি এবং তৃণমূল একত্রিত হয়ে কয়েক জনকে মদ খাইয়ে এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, “আমরা শান্তিপুরে কখনোই অশান্তি চাইছি না। কিন্তু শান্তিপুরের মানুষ যেভাবে সক্রিয় ভাবে নির্দলে যোগদান করছেন, তাতেই ভয় পেয়েছে বিজেপি এবং তৃণমূল। সেই কারণে এই ঘটনা ঘটাচ্ছে। তবে আমরা কোনও চক্রান্তে পা দেব না। আমরা চাই শান্তিপূর্ণ ভাবে যাতে নির্বাচন হয়।”


Share