Assembly Election

‘বুলডোজার শুধু রাস্তা তৈরি করে না, গুন্ডাদেরও সোজা করে দেয়,’ নদিয়ায় জনসভা থেকে হুঙ্কার যোগী আদিত্যনাথের

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভায় উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার-সহ বিজেপির নদিয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার নেতৃত্বরা।

নদিয়ার জনসভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৭:২৯

বুলডোজার দিয়ে শুধু রাস্তা নয়, দুষ্কৃতীদেরও সায়েস্তা করে। নদিয়ার নবদ্বীপে বিজেপির ভোটপ্রচারে এসে এমনটাই দাবি করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রথম দফার ১৫২টি আসনে নির্বাচনে সর্বকালের রেকর্ড ভেঙে ভোটদান হয়েছে। তা নিয়ে বিজেপি দাবি করেছে, অধিকাংশই আসনেই বিজেপি পদ্মফুল ফোটাতে চলেছে। নদিয়ার জনসভা থেকে তিনি এ-ও দাবি করেন, “এখন থেকেই শোনা যাচ্ছে, ফলাফলের দিন নবদ্বীপে গেরুয়া ধ্বজা উড়বে।” 

শনিবার দুপুরে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামীর সমর্থনে নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছেন। এ দিন নবদ্বীপের চোটির মাঠে ‘বিজয় সংকল্প’ সভায় যোগ দেন তিনি। এই সভা থেকে তিনি দাবি করেন, এখন থেকেই তিনি শুনতে পাচ্ছেন, ফলাফলের দিন নবদ্বীপে গেরুয়া ধ্বজা উড়তে চলেছে।

এ দিন যোগী আদিত্যনাথ বক্তব‍্য রাখতে গিয়ে অভিযোগ করেন, “নবদ্বীপে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিককে পরিকল্পিত ভাবে হত্যা করেছিল। এর নেপথ্যে তৃণমূলের দুষ্কৃতীরা জড়িত ছিল।” এর পরেই তৃণমূলকে আক্রমণ করে বলেন, ঘটনার পর অভিযুক্তদের সাজা হওয়া তো দূরের কথা আজ তারা বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে।” 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দাবি, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশের অবস্থাও পশ্চিমবঙ্গের মতোই ছিল। সেখানেও ‘জয় শ্রীরাম’ বললে লাঠি চলত। কিন্তু সেখানে ‘ডবল ইঞ্জিন’ সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে না কারফিউ হয় না দাঙ্গা হ্যায়। ‘ইউপি মে সব চাঙ্গা হ্যায়।” এর পরেই তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তরপ্রদেশের বুলডোজার শুধু হাইওয়ে তৈরি করে না দুষ্কৃতীদেরও সোজা করে দেয়।”

এ দিনের জনসভা থেকে যোগী এ-ও বলেন, “এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের বিরোধিতা করে। বিজেপি কখনও হিন্দুদের ভাগ হতে দেবে না। আগামী এখানেও তৃণমূল মুক্ত সোনার বাংলা বিজেপি গড়বে।” 

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভায় উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার-সহ বিজেপির নদিয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার নেতৃত্বরা।


Share