Election Commission

রিটার্নিং অফিসারদের দিনে দু’বার স্ট্রং রুম পরিদর্শনে যেতেই হবে, জেলা নির্বাচনী আধিকারিকদেরও যেতে নির্দেশ কমিশনের

নির্বাচন কমিশনের বক্তব্য, ভোট-পরবর্তী পর্যবেক্ষণ জোরদার করার প্রয়োজন রয়েছে। এই প্রক্রিয়ায় কোনও ধরনের অনিয়ম রয়েছে কি না তা শনাক্ত করতেই এই পদক্ষেপ করা হয়। যদি অনিয়ম ধরা পড়ে তাহলে সেই বুথে প্রয়োজনে পুনঃনির্বাচন সুপারিশ করা হয়।

স্ট্রং রুম পরিদর্শন করতে রিটার্নিং অফিসারদের নির্দেশ কমিশনের।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০১:৫৭

রিটার্নিং অফিসারদের দিনে দু’বার করে স্ট্রং রুম পরিদর্শনে যেতে হবে। জেলা নির্বাচনী আধিকারিকদেরও তিন-চার দিন অন্তর স্ট্রং রুমের ব‍্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন। ১৫২টি আসনে প্রথম দফায় নির্বাচন হয়েছে। বাকি রয়েছে ১৪২টি আসন। যে সব কেন্দ্রে নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, সেখানকার ব‍্যবস্থা পুঙ্খানুপুঙ্খ ভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে।

ভোটকেন্দ্রে নির্বাচন কমিশন প্রিসাইডিং অফিসার নিযুক্ত করা হয়। তাঁর অধীনে থাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পোলিং অফিসার। ভোটারদের হাতে কালী লাগিয়ে ফর্ম ১৭-তে সাক্ষর এবং আঙুলের ছাপ দিতে হয়। সেই কাজটি করেন দ্বিতীয় পোলিং অফিসার। কমিশন জানিয়েছে, ১৫২টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের ৬০০-র বেশি এজেন্টদের উপস্থিতিতে এই সমস্ত ফর্ম-১৭ পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার সময় রিটার্নিং অফিসার এবং জেনারেল অবজার্ভার উপস্থিতে তা পরীক্ষা করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়েছে। যাচাই শেষে ফর্ম-১৭ এবং সংশ্লিষ্ট নথিপত্র রিটার্নিং অফিসারেরা পুনরায় সিল করে দিয়েছেন।

নির্বাচন কমিশনের বক্তব্য, ভোট-পরবর্তী পর্যবেক্ষণ জোরদার করার প্রয়োজন রয়েছে। এই প্রক্রিয়ায় কোনও ধরনের অনিয়ম রয়েছে কি না তা শনাক্ত করতেই এই পদক্ষেপ করা হয়। যদি অনিয়ম ধরা পড়ে তাহলে সেই বুথে প্রয়োজনে পুনঃনির্বাচন সুপারিশ করা হয়।

নির্বাচন সদন জানিয়েছে, পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচনে মোট এক হাজার ৪৭৮ জন প্রার্থীকে যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য তারিখ, সময় ও স্থান সম্পর্কে আগাম জানানো হয়েছিল। যাচাই শেষে দেখা গিয়েছে, গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত ৪৪ হাজার ৩৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে কোথাও পুনঃনির্বাচনের সুপারিশ করা হয়নি।

একই ভাবে, তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা কেন্দ্রে ২৪ এপ্রিল ২০২৬ তারিখে রিটার্নিং অফিসারদের মাধ্যমে সাধারণ পর্যবেক্ষক এবং এক হাজার ৮২৫ জন প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে যাচাই প্রক্রিয়া সুষ্ঠুভাবেই সম্পন্ন করা হয়েছে। তামিলনাড়ুতে মোট চার হাজার ২৩ জন প্রার্থীকে যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আগাম তারিখ, সময় ও স্থান জানানো হয়েছিল। যাচাই শেষে ২৩ এপ্রিল অনুষ্ঠিত ৭৫ হাজার ৬৪টি ভোটকেন্দ্রের মধ্যে কোথাও পুনঃনির্বাচনের সুপারিশ করা হয়নি।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ইভিএম এবং ভিপিপ‍্যাট মেশিনগুলি নিরাপদে স্ট্রং রুমে সংরক্ষণ করা হয়েছে। ২৩ এপ্রিল ভোটগ্রহণের পরে জেনারেল অবজার্ভার এবং প্রার্থী বা তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতেই সিলমোহর করা হয়েছে। স্ট্রং রুমগুলিতে নিরাপত্তার জন্য দুটি করে তালা লাগানো হয়েছে। ২৪ ঘণ্টা দ্বিস্তরীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। স্ট্রং রুমের দরজা ও করিডোরে সিসি ক্যামেরায় নজরদারির ব্যবস্থা করা হয়েছে।পাশাপাশি প্রার্থীদের প্রতিনিধিদেরও স্ট্রং রুম প্রাঙ্গণে ক্যাম্প স্থাপন করে নজরদারি রাখার অনুমতি দেওয়া হয়েছে।


Share