Minor Molestation

যাদবপুরে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত যুবক

খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, যাদবপুর
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৪:৩০

দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত বিশ্বজিৎ বিশ্বাস নামে এক যুবক। বুধবার রাতেই যাদবপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ঘটনাটি ঘটে। খাবারের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ওই নাবালিকাকে নিজের বাড়িতে ডেকে পাঠায়। অভিযোগ, কিশোরী সেখানে পৌঁছোনোর পরই তাকে যৌন নিগ্রহ করা হয়। কোনও ভাবে সে সেখান থেকে বেরিয়ে আসে। নাবালিকা বাড়ি ফিরে পুরো ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।

এর পরেই পরিবারের পক্ষ থেকে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। পকসো আইনে মামলা রুজু করে রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা।


Share