Election Liquor Scandal

ভোটের মুখে বর্ধমানে মদের পাহাড়! তেজগঞ্জে ২৫ লক্ষ টাকার উদ্ধার, নাম জড়ল তৃণমূল ছাত্র নেতার

সমস্ত অভিযোগ খারিজ করে স্বরাজ ঘোষ প্রশ্ন তুলেছেন, “আমি চাবি নিলে আবগারি দফতর তালা খুলল কী করে? তারা তো তালা ভাঙেনি।”

উদ্ধার বিপুল পরিমাণ মদ
নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ০৪:৩২

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যজুড়ে মদ বিক্রিতে কড়া নিষেধাজ্ঞা জারি রয়েছে। ঠিক এই পরিস্থিতিতেই পূর্ব বর্ধমানের তেজগঞ্জে একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ মদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষের, যা ভোটের মুখে শাসক শিবিরকে অস্বস্তিতে ফেলেছে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলেই দাবি করেছেন।

গত ২২ এপ্রিল তেজগঞ্জে একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ও আবগারি দফতর প্রায় ২৫ লক্ষ টাকার দেশি ও বিদেশি মদ উদ্ধার করে। ওই ঘটনায় বাড়ির মালিক সুশোভন অধিকারীকে গ্রেফতার করা হয়। পরে বর্ধমান আদালতে তাঁর জামিনের শুনানির সময় সুশোভনের আইনজীবী কমল দত্ত দাবি করেন, তাঁর মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর বক্তব্য, সুশোভন প্রায় ১০ দিনের জন্য বাড়ির চাবি স্বরাজ ঘোষকে ব্যবহার করতে দিয়েছিলেন এবং ওই ঘরে মদ মজুতের বিষয়ে তিনি কিছুই জানতেন না। যদিও আদালত সুশোভনকে শর্তসাপেক্ষে জামিন দিলেও গ্রেফতারের নিয়ম না মানার অভিযোগে তদন্তকারী অফিসারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।

ঘটনাটি সামনে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা অভিযোগ করেছেন, এক সাংসদের নাম ব্যবহার করে স্বরাজ ঘোষ জোর করে ওই বাড়ির চাবি নিয়েছিলেন। তাঁদের দাবি, ভোটের আগে মদ বিলিয়ে প্রভাব খাটানোর উদ্দেশ্যেই এই মজুত করা হয়েছিল। এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের কাছেও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

অন্যদিকে, সমস্ত অভিযোগ খারিজ করে স্বরাজ ঘোষ প্রশ্ন তুলেছেন, “আমি চাবি নিলে আবগারি দফতর তালা খুলল কী করে? তারা তো তালা ভাঙেনি।” তৃণমূলের জেলা নেতা বাগবুল ইসলামও পালটা দাবি করেছেন, ভোটের আগে তৃণমূলকে বদনাম করতেই বিজেপি এই ধরনের রাজনীতি করছে।

এই ঘটনার পর থেকেই বর্ধমান জুড়ে জোর চর্চা শুরু হয়েছে ২৫ লক্ষ টাকার এই বিপুল মদের উৎস কী এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা নিয়েই এখন প্রশ্ন উঠছে নানা মহলে।


Share