ED Raid

দ্বিতীয় দফার ভোটের আগে হাবড়ায় ইডি অভিযান, রেশন দুর্নীতি মামলায় একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি

একই সঙ্গে হাবড়া শ্রীনগর রোডে আরেক ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও ইডি হানা দেয়। ভোরবেলা বাড়িতে পৌঁছে কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর আধিকারিকেরা ভিতরে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

রেশন বন্টন দুর্নীতি মামলায় ফের ইডির তল্লাশি অভিযান।
নিজস্ব সংবাদদাতা, হাবড়া
  • শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১০:১৬

দ্বিতীয় দফার ভোটের আগে ফের সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় শনিবার ভোরেই উত্তর ২৪ পরগনার হাবড়ায় একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালায় ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে জয়গাছি নেতাজি রোড এলাকায় ব্যবসায়ী সমীর চন্দের বাড়িতে পৌঁছোন ইডি আধিকারিকেরা। সূত্রের খবর, হাবড়ার চালপট্টিতে দীর্ঘদিন ধরে চালের ব্যবসার সঙ্গে যুক্ত সমীর চন্দের নাম এই মামলার তদন্তে উঠে এসেছে।

একই সঙ্গে হাবড়া শ্রীনগর রোডে আরেক ব্যবসায়ী সাগর সাহার বাড়িতেও ইডি হানা দেয়। ভোরবেলা বাড়িতে পৌঁছে কিছু ক্ষণ বাইরে অপেক্ষা করার পর আধিকারিকেরা ভিতরে ঢুকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। বাড়ির চারপাশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। তার আগেই রেশন দুর্নীতি মামলায় ইডি ফের তৎপরতা বাড়াল। হাবড়া বিধানসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি একসময় রাজ্যের খাদ্যমন্ত্রী ছিলেন। এই একই মামলায় আগেই তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা, বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

ইডি সূত্রে খবর, এ দিন হাবড়ায় অন্তত তিনজন চাল ব্যবসায়ীর বাড়িতে একযোগে তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, কোথা থেকে চাল কেনা হচ্ছে, কী দামে কেনাবেচা চলছে এবং বাজারে তা কীভাবে পৌঁছোচ্ছে। অভিযোগ, রেশনের চাল কালোবাজারে বিক্রি করে বিপুল আর্থিক লেনদেন এবং কালো টাকা সাদা করার চক্র গড়ে উঠেছিল। এই মামলায় আগে থেকেই তদন্ত করছে ইডি ও সিবিআই।

শনিবার সকালে সমীর চন্দের বাড়িতে পৌঁছে বারবার দরজায় কড়া নাড়তে হয় ইডি আধিকারিকদের, কারণ তখনও পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে দরজা খুললে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু হয়। বাড়ির গেটের বাইরে কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে।

২০২০ সালে বসিরহাট থানায় শুল্ক দফতরের এক আধিকারিক বাংলাদেশে গম পাচার সংক্রান্ত অভিযোগ জানিয়েছিলেন। উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান-সহ মোট ১৭টি ঠিকানায় ইডি এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে বলে জানা গিয়েছে।


Share