Accident

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে পুলিশের গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২ পুলিশ কর্মী

সংঘর্ষের তীব্রতায় পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৬:২৫

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে ৬০ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন পুলিশকর্মী। গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। সোমবার গভীর রাতে কুবাই সেতুর নীচে পুলিশের গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন সমীর দোলই, যিনি পুলিশের এনভিএফ কর্মী ছিলেন, এবং আমিন নামে পুলিশের গাড়ির চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর পুলিশ লাইন থেকে একটি বোলেরো গাড়িতে করে কয়েকজন পুলিশকর্মী গড়বেতা থানায় ডিউটি করতে যাচ্ছিলেন। চন্দ্রকোনা রোড সংলগ্ন কুবাই সেতুর নীচে পৌঁছতেই আচমকা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে।

সংঘর্ষের তীব্রতায় পুলিশের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন, তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

রাতেই জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছোন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও দুর্ঘটনার পর থেকেই চালক পলাতক। তাঁর খোঁজে চন্দ্রকোনা রোড থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে।

দুর্ঘটনার জেরে কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক বলে পুলিশ জানিয়েছে।

Share