Congress Leader Murder Case

নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর পুত্রকে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেত্রী ফতেমা বিবি-সহ তিন জন, জেলবন্দি জোব্বার শেখের স্ত্রীকে হেফাজতে নিল পুলিশ

আনিসুরদের হত্যাকাণ্ডে ধরা পড়েছেন নদিয়ার হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি। তাঁর স্বামী এলাকার প্রভাবশীল তৃণমূল নেতা জুব্বার শেখ এখন জেলবন্দি। অভিযোগ, জেলে বসেই কলকাঠি নেড়েছেন।

(বাঁ দিক থেকে) জোব্বার শেখ এবং নিহত কংগ্রেস নেতা আনিসুর রহমান।
নিজস্ব সংবাদদাতা, নাকাশিপাড়া
  • শেষ আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ০১:০৯

নাকাশিপাড়ায় প্রদেশ কংগ্রেসের নেতা আনিসুর রহমান এবং তাঁর ছেলে আবু সুফিয়ান রহমানকে হত‍্যা মামলায় তৃণমূল নেত্রী ফতেমা বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরেই ওই এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা জোব্বার শেখের নাম উঠে এসেছিল। ফতেমা জোব্বারের স্ত্রী বলে জানা গিয়েছে। এ ছাড়াও, মিঠুন শেখ এবং সাহেব আলি মন্ডল নামে দুই সাগরেদক্ পুলিশ হেফাজতে নিয়েছে। রবিবার তাঁদের আদালতে হাজির করানো হবে।

ফতেমা বিবি নাকাশিপাড়া ব্লকের হরিনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। তাঁর স্বামীর নাম জোব্বার শেখ। জোব্বার ওই এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তিনি বর্তমানে জেলবন্দি রয়েছেন। ঘটনার পর থেকেই জোব্বারের নাম সামনে আসে। অভিযোগ, জোব্বার জেলে বসেই কংগ্রেস নেতাকে হত‍্যা করার কলকাঠি নেড়েছেন। ঘটনার পরে আনিসুরের পরিবার নাকাকাশিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। শনিবার গভীর রাতেই ফতেমা বিবি, মিঠুন শেখ এবং সাহেব আলি মন্ডলকে পুলিশ হেফাজতে নিয়েছে।

ধৃতদের মেডিকেল পরীক্ষার জন‍্য বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে আনা হয়েছে। ধৃতদের রবিবার দুপুরে আদালতে হাজির করানো হবে। কৃষ্ণনগর পুলিশ জেলার এক কর্তা বলেন, “ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের আদালতে হাজির করানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।”

শনিবার রাত ৯টা নাগাদ নাগাদ রেলগেটের সামনে কংগ্রেস নেতা আনিসুর রহমানকে কয়েক জন দুষ্কৃতী পথ আটকায়। তাঁর ছেলে আবু সুফিয়ান রহমান তাঁর সঙ্গেই ছিলেন। তাঁরা বেথুয়াডহরি থেকে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গেই তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে পরপর কোপ মারা হয়। ঘটনাস্থলেই কংগ্রেস নেতা ও তাঁর ছেলের মৃত্যু হয়। পরে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। রবিবার আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমানের দেহের ময়নাতদন্ত হবে। কল‍্যাণী এইমস হাসপাতালে দেহে নিয়ে আসা হবে। সেখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার-সহ একাধিক নেতা সেখানে যাওয়ার কথা রয়েছে।

আনিসুরের পরিবারের অভিযোগ, তৃণমূল নেতা জোব্বারের নির্দেশে পরিকল্পনা করে আনিসুর এবং আবু সুফিয়ানকে খুন করা হয়েছে। কারণ, বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পরে এলাকায় আনিসুরের জনপ্রিয়তা বাড়ছিল। এতে ‍জোব্বার শেখ কোণঠাসা হয়ে পড়েছিল। আনিসুরের স্ত্রী বলেন, “ওঁরা বাজারে গিয়েছিল। রাতেই ফোন পাই, সব শেষ। এর নেপথ্যে জোব্বারের হাত রয়েছে।” নিহতের বোন রোকেয়া বলেন, “জোব্বার জেলে থাকলেও তাঁর গ‍্যাং বাইরে সক্রিয়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আনিসুর রহমান ও তাঁর ছেলের মৃত্যুতে রাজ‍্যজুড়ে কালাদিবস পালনের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। এই ঘটনা নিয়ে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কংগ্রেস করার জন্যই আনিসুর ও তাঁর ছেলেকে খুন হতে হল। বিজেপি বলেছিল, আইনের শাসন প্রতিষ্ঠিত করবে। দেখুন কী হয়েছে।” প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আরও বলেন, “ঘটনায় যে বা যারা জড়িত রয়েছে পুলিশ তাঁদের গ্রেফতার করুক। তাঁদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। সভাপতি শুভঙ্কর সরকার বিষয়টির ওপরে নজর রেখেছেন।”


Share