Demolished

বর্ধমান স্টেশনে বুলডোজ়ার অভিযান, ভাঙা হল একাধিক অস্থায়ী দোকান, শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা

তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জীবন-জীবিকার উপর আঘাত নামিয়ে আনা হচ্ছে।

অস্থায়ী দোকান বুলডোজ়ার চালিয়ে ভেঙে ফেলা হয়।
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ১০:৫৬

বর্ধমান রেলস্টেশন চত্বরে রেলের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল। স্টেশনের সামনের অংশে থাকা একাধিক অস্থায়ী দোকান বুলডোজ়ার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। রবিবার রাতেই রেলের পক্ষ থেকে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় এলাকায় স্থানীয় থানার পুলিশও

মোতায়েন ছিল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে বেশ কিছু অস্থায়ী দোকান গড়ে উঠেছিল। রেল কর্তৃপক্ষ সেই অস্থায়ী দোকানকে অবৈধ দখল বলে চিহ্নিত করেছিল। সেই সূত্রেই রাতের অভিযানে একের পর এক দোকান ভেঙে ফেলা হয়। আচমকা এই উচ্ছেদ অভিযানে বহু ক্ষুদ্র ব্যবসায়ী বিপাকে পড়েছেন। তাঁদের দাবি, দোকান ভেঙে দেওয়ায় জীবিকা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম অভিযোগ করেন, বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের জীবন-জীবিকার উপর আঘাত নামিয়ে আনা হচ্ছে। তাঁর কথায়, “রবিবার রাতে বুলডোজ়ার চালিয়ে গরিব মানুষের রুজিরুটির একমাত্র ভরসা দোকানগুলি ভেঙে দেওয়া হয়েছে। এতে বহু পরিবার সমস্যার মধ্যে পড়ে গেল।”

যদিও তৃণমূলের এই অভিযোগ বিজেপির তরফে সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। জেলা বিজেপির মুখপাত্র কল্যাণ মাজির দাবি, গোটা বিষয়টি রেলের পরিকল্পিত আধুনিকীকরণ প্রকল্পের অংশ। তিনি বলেন, “দেশজুড়ে বহু রেলস্টেশন আধুনিকীকরণের কাজ অনেক আগেই শুরু হয়েছে। বর্ধমান স্টেশনেও সেই কাজ চলছে। স্টেশনের পিছনের অংশের কাজ প্রায় শেষ। এবার সামনের দিকের কাজ শুরু হওয়ার কথা। সেই কারণেই আগে থেকেই নোটিস দেওয়া হয়েছিল। অবৈধ দখলে থাকা দোকান সরানো হয়েছে মাত্র।”

ঘটনার পর এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।


Share