Earthquake

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস, বিমানবন্দরের টার্মিনালে খসে পড়ল ছাদের টাইলস

ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ মাইল গভীরে ছিল কম্পনের কেন্দ্র। লস অ্যাঞ্জেলেস ছাড়াও সান্তা মনিকা ও পাসাডেনা-সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। প্রাথমিক ভূমিকম্পের পর অন্তত ৪০টি আফটারশক বা পরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, ক্যালিফোর্নিয়া
  • শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ ১০:৪৩

দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল লস অ্যাঞ্জেলেস-সহ বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০। ম্যানহাটন বিচের কাছে সমুদ্রে এই ভূমিকম্পের জেরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কে বিভিন্ন দোকান থেকে রাস্তায় বেরিয়ে আসেন মানুষজন। এমনকি লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালে ছাদের টাইলস খসে পড়েছে বলেও খবর। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।

সূত্রের খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল ম্যানহাটন বিচের দক্ষিণ-পশ্চিমে প্রায় ৩.৭ মাইল দূরে সমুদ্রের নীচে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ মাইল গভীরে ছিল কম্পনের কেন্দ্র। লস অ্যাঞ্জেলেস ছাড়াও সান্তা মনিকা ও পাসাডেনা-সহ একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। প্রাথমিক ভূমিকম্পের পর অন্তত ৪০টি আফটারশক বা পরবর্তী কম্পন রেকর্ড করা হয়েছে। আগামী দিনে ৪.০ বা তার বেশি মাত্রার আফটারশক হওয়ার সম্ভাবনা প্রায় ৩০ শতাংশ বলে অনুমান করা হচ্ছে।

পরিস্থিতির উপর নজর রাখতে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ১০৬টি দমকল কেন্দ্রের কর্মীদের সতর্ক ও মোতায়েন করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ রাখা হয়েছে ম্যানহাটন বিচ পিয়ার। বাসিন্দাদের পরবর্তী কম্পনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। যদিও ভূমিকম্পের জেরে আপাতত কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।


Share